জাতিসংঘের ৮১তম সাধারণ পরিষদ অধিবেশনের নবনির্বাচিত সভাপতি ও পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান বলেছেন, তিনি জাতিসংঘ সনদ সমুন্নত রেখে সব সদস্য রাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে কাজ করবেন।
মঙ্গলবার (২ জুন) নিউইয়র্কে নির্বাচনের পর ব্রিফিংয়ে তিনি বলেন, ‘আমি সব সদস্য রাষ্ট্রকে সম্পৃক্ত করবো। ব্যক্তিগত মতামতকে কাজে হস্তক্ষেপ করতে দেবো না। পার্থক্য উপেক্ষা না করে সাধারণ ভিত্তি সন্ধান করবো।’
তিনি সদস্য রাষ্ট্রগুলোকে পিজিএ ট্রাস্ট ফান্ডে অবদান রাখার আহ্বান জানান। বলেন, বিশ্বাস ও ঐকমত্য লালনের পাশাপাশি সৎ আলোচনার জায়গা তৈরি করবেন তিনি। ভৌগোলিক, লিঙ্গ ও ভাষাগত ভারসাম্য রেখে অফিস সাজানোর কথাও জানান।
খলিলুর রহমান বলেন, ৮১তম অধিবেশনে জাতিসংঘের সংস্কার, বিশ্ব উন্নয়ন এজেন্ডা এবং পরবর্তী মহাসচিব নির্বাচনের মতো গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা হবে। পাশাপাশি জলবায়ু পরিবর্তন, ভূ-রাজনৈতিক উত্তেজনা ও জ্বালানির নিরাপত্তাহীনতার মতো চ্যালেঞ্জও সামনে আছে।
এসব মোকাবিলায় তিনি ৬টি অগ্রাধিকার নিয়ে কাজ করবেন:
• শান্তি, নিরাপত্তা ও ন্যায়বিচার
• টেকসই উন্নয়ন ও এসডিজি ত্বরান্বিত করা
• জলবায়ু স্থিতিস্থাপকতা ও পরিবেশগত স্থায়িত্ব
• মানবাধিকার, মানবিক কর্মকাণ্ড, শরণার্থী ও অভিবাসী
• ডিজিটাল গভর্ন্যান্স, এআই, বিজ্ঞান ও প্রযুক্তি
• নবায়নযোগ্য বহুপাক্ষিকতা, ইউএন ৮০ সংস্কার ও অন্তর্ভুক্তিমূলক বৈশ্বিক শাসন