জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হওয়ায় বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে অভিনন্দন জানিয়েছে ভারত ও পাকিস্তান।

মঙ্গলবার (২ জুন) পৃথক বার্তায় অভিনন্দন জানান ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর এবং পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার।

এক্স হ্যান্ডেলে জয়শঙ্কর লেখেন, ‘জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হওয়ায় বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে অভিনন্দন। আমাদের অভিন্ন অগ্রাধিকার এগিয়ে নিতে এবং বহুপাক্ষিক সহযোগিতা জোরদার করতে তার সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার প্রত্যাশা করি।’

ইসহাক দার টুইটে খলিলুর রহমানকে ‘প্রিয় ভাই’ সম্বোধন করে বলেন, ‘তার সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার সুবাদে আমি নিশ্চিত, তার ব্যাপক কূটনৈতিক অভিজ্ঞতা এবং বহুপাক্ষিকতার প্রতি অঙ্গীকার এই পরিষদকে দক্ষতার সঙ্গে পরিচালনা করবে।’ তিনি সংলাপ, শান্তি ও টেকসই উন্নয়ন এগিয়ে নিতে একসঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করেন।

১৯০ ভোটের মধ্যে ৯৯ ভোট পেয়ে সাইপ্রাসের বিশেষ দূত আন্দ্রেজ কাকাউরিসকে ৮ ভোটে হারিয়ে সভাপতি নির্বাচিত হন খলিলুর রহমান। কাকাউরিস পান ৯১ ভোট।

আগামী এক বছর ৮১তম অধিবেশনের সভাপতির দায়িত্ব পালন করবেন তিনি। ৮ সেপ্টেম্বর আনুষ্ঠানিকভাবে অধিবেশন শুরু হবে এবং ২২ সেপ্টেম্বর থেকে উচ্চপর্যায়ের সাধারণ বিতর্ক শুরু হবে।