জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হওয়ায় পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

মঙ্গলবার (২ জুন) সন্ধ্যায় ফেসবুক পোস্টে প্রধানমন্ত্রী লেখেন, ‘আমাদের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হওয়ায় অনেক অভিনন্দন।’

তিনি বলেন, ‘এই অর্জন বৈশ্বিক মঞ্চে বাংলাদেশের ক্রমবর্ধমান অবদান ও বিশ্বাসযোগ্যতার প্রতিফলন। আমরা বিশ্বাস করি, সে গর্বের সাথে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে এবং বহুপাক্ষিক ও যৌথ চ্যালেঞ্জ মোকাবিলায় যোগাযোগ, সংলাপ এবং সহযোগিতা করবে।’ খলিলুর রহমানের নতুন দায়িত্বে সর্বাঙ্গীণ সাফল্য কামনা করেন প্রধানমন্ত্রী।

একইদিন নিউইয়র্কে জাতিসংঘ সদরদপ্তরে অনুষ্ঠিত নির্বাচনে সাইপ্রাসের প্রার্থীকে হারিয়ে জয়ী হন খলিলুর রহমান।

এর আগে ১৯৮৬ সালে বাংলাদেশের সাবেক পররাষ্ট্রমন্ত্রী হুমায়ুন রশীদ চৌধুরী ৪১তম অধিবেশনে সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হয়েছিলেন। এবার খলিলুর রহমান ৮১তম অধিবেশনের সভাপতি হলেন।