আন্তর্জাতিক
ডেস্ক : পাকিস্তানের লাহোরে আত্মঘাতী বোমা হামলায় নিহত হয়েছে ৫৩ জন। এতে আহত হয়েছে কমপক্ষে ১০০ জন।
ডন অনলাইনের এক খবরে রোববার এ তথ্য জানানো হয়েছে।
লাহোরের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে আল্লামা ইকবাল শহরে গুলশান-ই-ইকবাল পার্কে রোববার সন্ধ্যায় ভয়াবহ এই হামলা চালায় সন্ত্রাসীরা।
ইকবাল শহরের পুলিশ সুপার মোহাম্মদ ইকবাল জানান, এটি আত্মঘাতী হামলা। শিশু পার্কে এই হামলা চালানো হয়েছে। রোববার সন্ধ্যায় সেখানে বহু পরিবারের সদস্যরা, বিশেষ করে শিশু ও নারীরা উপস্থিত ছিল। গুলশান-ই-ইকবাল পার্ক এলাকাটি অভিজাত আবাসিক এলাকা হিসেবে পরিচিত।
সর্বত্র রক্ত ও খণ্ডিত দেহ
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, পার্কের সর্বত্র রক্ত আর রক্ত। খণ্ডিত দেহ ছড়িয়ে ছিটিয়ে আছে যেখানে-সেখানে। ডন নিউজকে এক প্রত্যক্ষদর্শী জানান, পার্কের সব জায়গায় লাশ আর লাশ। আহতদের রিকশায় করে আমরা হাসপাতালে নিয়ে গেছি।
তিনি বলেন, ইস্টার সানডে উপলক্ষে পার্কে অন্য সাধারণ দিনের চেয়ে ভিড় বেশি ছিল। সড়কে দীর্ঘ যানজট ছিল।
আরেকজন প্রত্যক্ষদর্শী ডন নিউজকে জানিয়েছেন, পার্কের কোথাও নিরাপত্তাকর্মীদের দেখা যায়নি। পার্কটি অনেক বড় এবং পার্কের গেট সংখ্যা বেশি। কিন্তু নিরাপত্তায় দারুণ গাফিলতি ছিল।
হামলার পর ঘটনাস্থল ঘিরে ফেলে পুলিশ। তা ছাড়া ইকবাল শহরের সব হাসপাতালে জরুরি অবস্থা জারি করা হয়েছে।