চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামের বিতর্কিত জঙ্গল সলিমপুর এলাকা থেকে এখনই কাউকে উচ্ছেদ করা হবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তবে এই এলাকাকে কোনোভাবেই সন্ত্রাসীদের অভয়ারণ্য হতে দেওয়া হবে না বলে সরকারের দৃঢ় অবস্থানের কথা ব্যক্ত করেছেন তিনি।

আজ রোববার (৩১ মে) চট্টগ্রামের জঙ্গল সলিমপুর এলাকা পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।

সালাহউদ্দিন আহমদ বলেন, জঙ্গল সলিমপুরের সাধারণ বাসিন্দাদের এখনই উচ্ছেদ করার কোনো পরিকল্পনা সরকারের নেই। তবে এখানে অপরাধীদের কোনো ছাড় দেওয়া হবে না। এই এলাকাকে কেন্দ্র করে গড়ে ওঠা সন্ত্রাসী ও ভূমিদস্যুদের সিন্ডিকেট কঠোর হস্তে দমন করা হবে।

পরিদর্শনকালে দেশের সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতি ও মাদক সমস্যা নিয়েও কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি জানান, মাদক চোরাচালান ও ব্যবসার সঙ্গে জড়িতদের দ্রুত এবং দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে সরকার একটি বিশেষ ট্রাইব্যুনাল গঠনের বিষয়ে চিন্তাভাবনা করছে।

এর আগে স্বরাষ্ট্রমন্ত্রী জঙ্গল সলিমপুরের বিভিন্ন অংশ ঘুরে দেখেন এবং স্থানীয় প্রশাসনের কর্মকর্তাদের কাছ থেকে সার্বিক পরিস্থিতি সম্পর্কে খোঁজখবর নেন। এ সময় স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও আইনশৃঙ্খলা বাহিনীর প্রধানেরা তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন।