ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি:  চট্টগ্রামের ফটিকছড়িতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে দুই বন্ধুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। গতকাল শনিবার সন্ধ্যায় উপজেলার হারুয়ালছড়ি ইউনিয়নের রাঙাপানি চা–বাগান এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, ফটিকছড়ির আবদুল্লাহপুরের বাসিন্দা জয় দাশ (১৯) এবং রাউজানের নোয়াজিশপুরের সীমান্ত দাশ (২২)। জয় দাশ পেশায় রাজমিস্ত্রি এবং সীমান্ত স্থানীয় একটি কলেজের এইচএসসির শিক্ষার্থী ছিলেন।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, গতকাল বিকেলে একটি মোটরসাইকেল নিয়ে দুই বন্ধু রাঙাপানি চা–বাগান এলাকায় বেড়াতে যান। সেখানে ঘোরাঘুরির একপর্যায়ে তাঁদের মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের একটি গাছের সঙ্গে সজোরে ধাক্কা খায়। এতে দুজনই গুরুতর আহত হন। স্থানীয় বাসিন্দারা তাঁদের উদ্ধার করে দ্রুত নাজিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁদের মৃত ঘোষণা করেন।

নাজিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) কামরুল হাসান জানান, রাত আটটার দিকে দুজনকে হাসপাতালে আনা হয়। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই তাঁদের মৃত্যু হয়েছে। দুর্ঘটনার পর নিহতের পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।