বিশ্বশান্তি বজায় রাখার মহান ব্রত নিয়ে জীবন উৎসর্গকারী বাংলাদেশের ছয় বীর সেনানীকে মরণোত্তর ‘দাগ হ্যামারশোল্ড মেডেল’ দিচ্ছে জাতিসংঘ।

আগামী ৫ জুন জাতিসংঘ সদর দপ্তরে ‘আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস’ উপলক্ষ্যে আয়োজিত একটি বিশেষ অনুষ্ঠানে জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস এই সম্মাননা পদক তুলে দেবেন।

এ বছর বিশ্বজুড়ে আত্মত্যাগকারী মোট ৬৮ জন সামরিক, পুলিশ ও বেসামরিক শান্তিরক্ষীকে এই মর্যাদাপূর্ণ মেডেল প্রদান করা হচ্ছে, যার মধ্যে ৫৯ জনই গত বছর কর্তব্যরত অবস্থায় প্রাণ হারিয়েছেন।

এই গৌরবময় তালিকায় স্থান করে নিয়েছেন বাংলাদেশের ৬ জন কৃতী সন্তান। বাংলাদেশের মরণোত্তর ‘দাগ হ্যামারশোল্ড মেডেল’ প্রাপ্ত এই ছয় বীর হলেন:

  • প্রাইভেট মো. জাহাঙ্গীর আলম

  • প্রাইভেট মো. সবুজ মিয়া

  • কর্পোরাল মো. মাসুদ রানা

  • প্রাইভেট মো. মোমিনুল ইসলাম

  • প্রাইভেট শামীম রেজা

  • প্রাইভেট শান্ত মন্ডল

 এই বীর শান্তিরক্ষীরা সবাই ২০২৫ সালের ১৩ ডিসেম্বর আব্বেই-তে জাতিসংঘের অন্তর্বর্তীকালীন নিরাপত্তা বাহিনীতে (UNISFA) কর্মরত ছিলেন। সেখানে একটি নির্মম ড্রোন হামলায় তারা সবাই শাহাদাতবরণ করেন।

সুদূর প্রবাসে বিশ্বশান্তি ও মানবতার সেবায় নিয়োজিত থেকে এই বাংলাদেশী সেনানিদের অসামান্য আত্মত্যাগ আন্তর্জাতিক পরিমণ্ডলে দেশের ভাবমূর্তিকে যেমন উজ্জ্বল করেছে, তেমনি শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের অবিচল প্রতিশ্রুতির কথা আবারও স্মরণ করিয়ে দিচ্ছে।