শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে শ্রদ্ধা জানিয়েছে ঢাকায় অবস্থিত ভারতীয় হাইকমিশন। এক বার্তায় প্রতিষ্ঠানটি বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে জিয়াউর রহমানের ভূমিকার কথা স্মরণ করে তার ঐতিহাসিক বেতার ভাষণের কথা উল্লেখ করেছে।

শনিবার (৩০ মে) নিজেদের ভেরিফায়েড ফেসবুক পেজে হাইকমিশন এ বিবৃতি দেয়।

ফেসবুক পোস্টে ভারতীয় হাইকমিশন বলেছে, ‘বাংলাদেশের জনগণ আজ জাতির অন্যতম সাহসী সন্তান, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমকে স্মরণ করছে। এ উপলক্ষে আমরা ১৯৭১ সালের মার্চ মাসে দেওয়া তার সেই ঐতিহাসিক বেতার ভাষণের কথা স্মরণ করি। সেই ভাষণ জনগণকে উজ্জীবিত করেছিল, নিপীড়নের বিরুদ্ধে প্রতিরোধের পথে উদ্বুদ্ধ করেছিল এবং দেশের স্বাধীনতার সংগ্রামকে এগিয়ে নিয়েছিল।’

বার্তায় আরও বলা হয়, ‘তখন যেমন ছিল, আজও তেমনি বাংলাদেশ ও ভারতের জনগণের যৌথ ত্যাগের ইতিহাস এবং দুই দেশের মানুষের অগ্রগতি ও সমৃদ্ধির অভিন্ন যাত্রায় ভারত বাংলাদেশের জনগণের পাশে কাঁধে কাঁধ মিলিয়ে রয়েছে।’

এদিকে, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে বিএনপি গত ২৫ মে থেকে ১ জুন পর্যন্ত ৮ দিনব্যাপী বিশেষ কর্মসূচি ঘোষণা করেছে। ঘোষিত কর্মসূচি অনুযায়ী, ২৫ মে থেকে ১ জুন পর্যন্ত সারা দেশে বিশেষ পোস্টার প্রকাশ ও দলীয় নেতাকর্মীদের কালো ব্যাজ ধারণ করা হচ্ছে।

দিবসটি উপলক্ষে শনিবার ভোর ৬টায় নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়সহ সারা দেশের সকল দলীয় কার্যালয়ে দলীয় পতাকা অর্ধনমিত রাখা ও কালো পতাকা উত্তোলন করা হয়।

একই দিন সকাল ১১টায় প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে দলের জাতীয় নেতৃবৃন্দ ও সর্বস্তরের নেতাকর্মীরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে পুষ্পস্তবক অর্পণ ও জিয়ারত করেন। জিয়ারত শেষে মাজার প্রাঙ্গণে জাতীয়তাবাদী ওলামা দলের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।