আগামী ৪ জুন শুরু হচ্ছে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬-এর জাতীয় পর্যায়ের খেলা। রাজধানীর মিরপুর-২ এর ন্যাশনাল বাংলা উচ্চ বিদ্যালয় মাঠে সকাল ৯টায় টুর্নামেন্টের উদ্বোধন হবে।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সহকারী পরিচালক (সাধারণ প্রশাসন) মো. সাজ্জাদ হোসেনের সই করা অফিস আদেশে এ তথ্য জানানো হয়েছে। দেশের আট বিভাগের চ্যাম্পিয়ন বালক ও বালিকা মিলে মোট ১৬টি দল জাতীয় পর্যায়ে অংশ নেবে।

আদেশ অনুযায়ী, বালক ও বালিকা উভয় বিভাগের দলগুলোকে ৩ জুন মিরপুর ক্রীড়া পল্লীর আবাসিক ক্যাম্পে রিপোর্ট করতে হবে। খেলোয়াড় ও কর্মকর্তাদের উপস্থিতি, আবাসন, আপ্যায়ন, চিকিৎসা সহায়তা, অনুশীলন সমন্বয় ও মাঠে আনা-নেওয়ার জন্য লিয়াজোঁ অফিসার নিয়োগ দেওয়া হয়েছে। তারা আবাসন ও ক্রীড়া পরিচালনা উপ-কমিটির সঙ্গে সমন্বয় করে দায়িত্ব পালন করবেন।

বালিকা বিভাগে সিলেট, ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, ময়মনসিংহ ও রংপুর বিভাগের চ্যাম্পিয়ন দলগুলো খেলবে। একইভাবে আট বিভাগের চ্যাম্পিয়ন বালক দলগুলোও জাতীয় পর্যায়ে অংশ নিচ্ছে।

টুর্নামেন্ট সুষ্ঠুভাবে আয়োজনে সংশ্লিষ্ট বিভাগীয় উপপরিচালক, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ও উপজেলা বা থানা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাদের প্রয়োজনীয় সহযোগিতা দেওয়ার অনুরোধ জানিয়েছে অধিদপ্তর।