বিএনপির প্রতিষ্ঠাতা শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে ৮ দিনব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে দলটি।
আজ শুক্রবার (২৯ মে) নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী কর্মসূচি ঘোষণা করেন। তিনি জানান, শনিবার ৩০ মে ভোর ৬টায় কেন্দ্রীয় কার্যালয়সহ সারা দেশের দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা অর্ধনমিত রাখা এবং কালো পতাকা উত্তোলন করা হবে।
একই দিন সকাল ১১টায় শেরেবাংলা নগরে জিয়াউর রহমানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ ও ফাতেহা পাঠ করবেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে দলের সিনিয়র নেতারা।
কর্মসূচির অংশ হিসেবে ৮ দিন ধরে চলবে আলোচনা সভা, চিত্র ও আলোকচিত্র প্রদর্শনী, দোয়া মাহফিল। পাশাপাশি ঢাকা মহানগর উত্তর-দক্ষিণসহ বিভিন্ন এলাকায় দুস্থ ও অসহায় মানুষের মাঝে খাদ্য ও বস্ত্র বিতরণ করবে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনগুলো।
রিজভী বলেন, শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশের স্বাধীনতা, গণতন্ত্র ও জাতীয়তাবাদী রাজনীতির অন্যতম প্রতীক। তাঁর আদর্শ নতুন প্রজন্মের কাছে তুলে ধরতেই এসব কর্মসূচি নেওয়া হয়েছে।