কোরবানির পশুর বর্জ্য দ্রুত অপসারণ ও পরিচ্ছন্ন শহর গড়তে টাঙ্গাইলে শুরু হয়েছে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান।

শুক্রবার (২৯ মে) সকালে টাঙ্গাইল সদর আসনের সংসদ সদস্য ও মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকুর নেতৃত্বে শহরের বেবিস্ট্যান্ড এলাকা ও প্রধান সড়কে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়।

অভিযানে জেলা স্বেচ্ছাসেবক দলের অর্ধশতাধিক নেতাকর্মী ঝাড়ু ও পরিচ্ছন্নতার সরঞ্জাম নিয়ে অংশ নেন। তারা শহরের বিভিন্ন সড়ক ও আশপাশের এলাকায় ছড়িয়ে থাকা বর্জ্য অপসারণ করেন।

জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব সালেহ মোহাম্মদ শাফী ইথেন বলেন, প্রতিমন্ত্রী টুকুর নেতৃত্বে সকাল থেকেই বেবিস্ট্যান্ড এলাকার বেহাল সড়ক পরিষ্কারের কাজ শুরু হয়েছে। আজকের মধ্যেই শহরের দৃশ্যমান বর্জ্য অপসারণ সম্ভব হবে বলে আশা করছি।

প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেন, শহরকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে সবাইকে দায়িত্বশীল হতে হবে। মানুষকে সচেতন ও উদ্বুদ্ধ করতেই এই কর্মসূচি। সম্মিলিত উদ্যোগ নিলে টাঙ্গাইলকে আরও পরিচ্ছন্ন ও বাসযোগ্য করা সম্ভব। তিনি আরও বলেন, পৌরসভার একার পক্ষে অল্প সময়ে পুরো শহর পরিষ্কার করা কঠিন। সবাই নিজ নিজ অবস্থান থেকে সহযোগিতা করলে দ্রুত শহর পরিচ্ছন্ন রাখা যাবে।

এ সময় জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু, জেলা যুবদলের ভারপ্রাপ্ত সদস্যসচিব জাহিদ হোসেন মালা, জেলা মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক মোস্তফা কামালসহ শহর ও থানা স্বেচ্ছাসেবক দলের নেতারা উপস্থিত ছিলেন।