ইনজুরির কারণে ব্রাজিলের আসন্ন প্রীতি ম্যাচসহ বিশ্বকাপের প্রথম ম্যাচ থেকেও ছিটকে যাওয়ার শঙ্কায় তারকা ফরোয়ার্ড নেইমার।
ব্রাজিল ফুটবল কনফেডারেশনের (সিবিএফ) চিকিৎসক রদ্রিগো লাসমার
বৃহস্পতিবার (২৮ মে) বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, এমআরআই স্ক্যানে নেইমারের ডান পায়ের কাফে গ্রেড-টু ইনজুরি ধরা পড়েছে। সুস্থ হতে তার আরও দুই থেকে তিন সপ্তাহ সময় লাগবে।
নেইমার গতকাল গ্রানজা কোমারিতে দলের সঙ্গে যোগ দেওয়ার পর তার মেডিক্যাল পরীক্ষা করা হয়। এর আগে মঙ্গলবার জাতীয় দলে যোগ দিলেও ডান পায়ে ফোলাভাবের কারণে বুধবারের অনুশীলনে অংশ নেননি তিনি। তেরেসোপোলিসের একটি বেসরকারি ক্লিনিকে স্ক্যান করানো হলে ইনজুরির বিষয়টি ধরা পড়ে। যদিও সান্তোসের চিকিৎসক রদ্রিগো জোগাইব আগে জানিয়েছিলেন, এটি সামান্য ফোলাভাব।
ইনজুরির কারণে রবিবার মারাকানায় পানামার বিপক্ষে ও ক্লিভল্যান্ডে মিশরের বিপক্ষে প্রীতি ম্যাচে খেলতে পারবেন না নেইমার। ১৩ জুন নিউ জার্সিতে আফ্রিকান চ্যাম্পিয়ন মরক্কোর বিপক্ষে ব্রাজিলের বিশ্বকাপের প্রথম ম্যাচেও তার খেলার সম্ভাবনা ক্ষীণ। বিশ্বকাপে গ্রুপ ‘সি’-তে ব্রাজিলের প্রতিপক্ষ হাইতি ও স্কটল্যান্ড।
চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালের কারণে ডিফেন্ডার গ্যাব্রিয়েল মাগালহায়েস, মার্কিনিওস ও ফরোয়ার্ড গ্যাব্রিয়েল মার্টিনেল্লিও রবিবারের ম্যাচে নেই।
গত সপ্তাহে দলে ফেরায় নেইমারকে নিয়ে সমর্থকদের মধ্যে উচ্ছ্বাস তৈরি হয়েছিল। কার্লো আনচেলত্তির দায়িত্ব নেওয়ার পর এক বছর ধরে পরিকল্পনার বাইরে ছিলেন ব্রাজিলের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা। ১২৮ ম্যাচে ৭৯ গোল করা নেইমার সাম্প্রতিক বছরগুলোয় চোটে ভুগছেন। সান্তোসে ফেরার পরও প্রত্যাশিত পারফরম্যান্স দেখাতে পারেননি।
আনচেলত্তি আগেই জানিয়েছিলেন, নেইমারকে কোনো বিশেষ সুবিধা দেওয়া হবে না। জাতীয় দলে জায়গা নির্ভর করবে ফিটনেস ও পারফরম্যান্সের ওপর। ফলে আপাতত নেইমারকে ছাড়াই পরিকল্পনা সাজাতে হচ্ছে ব্রাজিলকে।