ঈদুল আজহার ছুটি শেষে রাজধানীসহ বিভিন্ন গন্তব্যে ফেরা মানুষের যাত্রা নির্বিঘ্ন ও নিরাপদ রাখতে পরিবহনসংশ্লিষ্টদের প্রতি বিশেষ নির্দেশনা দিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি।
সংগঠনটি বলেছে, কোনো অবস্থাতেই যাত্রীদের কাছ থেকে বিআরটিএ নির্ধারিত ভাড়ার অতিরিক্ত অর্থ আদায় করা যাবে না। একই সঙ্গে সড়কে অতিরিক্ত গতি ও ঝুঁকিপূর্ণ ওভারটেকিং এড়িয়ে সতর্কতার সঙ্গে যানবাহন চালানোর আহ্বান জানানো হয়েছে।
বুধবার (২৭ মে) রাতে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব বিষয় জানানো হয়েছে।
বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক কাজী মো. জোবায়ের মাসুদের সই করা ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঈদ উদ্যাপন শেষে ফিরতি পথে যাত্রীদের চলাচল নির্বিঘ্ন ও নিরাপদ রাখতে সংশ্লিষ্ট সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন সমিতির মহাসচিব মো. সাইফুল আলম।
তিনি সব ধরনের যানবাহনের চালক, চালকের সহকারী, পরিবহন কোম্পানির মালিক এবং মালিক সমিতির কর্মকর্তাদের বিশেষভাবে দায়িত্বশীল ভূমিকা পালনের অনুরোধ জানান।
একই সঙ্গে যান চলাচলে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন, অতিরিক্ত গতি ও ঝুঁকিপূর্ণ ওভারটেকিং পরিহার করার আহ্বান জানান তিনি। এতে অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা এড়ানো সম্ভব হবে বলে উল্লেখ করা হয়।
এছাড়া যাত্রাপথে বয়স্ক ব্যক্তি, শিশু ও নারী যাত্রীদের প্রতি বিশেষ যত্নবান হওয়ার জন্যও সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানানো হয়েছে। পাশাপাশি কোনো অবস্থাতেই বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) নির্ধারিত ভাড়ার অতিরিক্ত ভাড়া যাত্রীদের কাছ থেকে আদায় না করার নির্দেশনাও দেওয়া হয়েছে।