আগামীকাল সারা দেশে ঈদুল আজহা উদযাপিত হবে। তবে ঈদের আনন্দে ভোগান্তি সৃষ্টি করতে পারে বৃষ্টি।
আবহাওয়াবিদরা বলছেন, ঢাকা, রাজশাহী, রংপুর, সিলেট ও ময়মনসিংহ বিভাগে সকাল থেকে থেমে থেমে বৃষ্টিপাত হবে।
আবহাওয়া অধিদপ্তরের জ্যেষ্ঠ আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিক গণমাধ্যমকে বলেন, ঈদের দিন সকালে রাজধানীসহ রাজশাহী, রংপুর, সিলেট ও ময়মনসিংহ বিভাগে থেমে থেমে বৃষ্টিপাত হবে। ভারী বৃষ্টিপাত না হলেও গুঁড়ি গুঁড়ি বৃষ্টি থাকবে। চট্টগ্রাম, বরিশাল ও খুলনায় তুলনামূলক কম বৃষ্টি হবে।
এই আবহাওয়াবিদ বলেন, জ্যৈষ্ঠ মাসে মৌসুমি বায়ু পুরোপুরি সক্রিয় হওয়ার আগে বাংলাদেশ ও আশপাশের এলাকায় আকাশে মেঘ জমে বৃষ্টিপাত হয়।
তিনি আরও বলেন, এ সপ্তাহে ঘূর্ণিঝড় বা লঘুচাপের সম্ভাবনা নেই। তবে জুনের প্রথম সপ্তাহের মাঝামাঝি দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে একটি লঘুচাপের সম্ভাবনা রয়েছে। তখনও সারা দেশে বৃষ্টি হবে।
এদিকে আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, ঈদের দিন রাজধানীসহ দেশের অধিকাংশ অঞ্চলে অস্থায়ীভাবে ঝড়ো হাওয়া এবং বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে ভারি বর্ষণের সম্ভাবনাও রয়েছে।