বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, হাসিনা সরকার শুধু বিদ্যুৎ খাতে ৫৬ হাজার কোটি টাকা বকেয়া রেখে গেছে। এ জন্য সরকার খুব চাপে রয়েছে। প্রতিদিন পাওনাদাররা বকেয়া টাকার জন্য চাপ দিচ্ছে।
মঙ্গলবার (২৬ মে) দুপুরে সিরাজগঞ্জ শহীদ শামসুদ্দিন সম্মেলন কক্ষে জেলা প্রশাসন আয়োজিত শিক্ষার গুণগত মান উন্নয়নে প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
শিক্ষকদের উদ্দেশে মন্ত্রী বলেন, “আপনারা যে কাজ করেন সেটি বেতনের কাজ করেন না। বেতন সংসার চালানোর জন্য। কিন্তু মূল লক্ষ্য মানুষ তৈরি করা। আপনারা প্রায়ই শহীদ মিনার ও প্রেসক্লাবে গিয়ে আন্দোলন করেন। রেজাল্ট ভালো না করলে একটা সময় সরকারও আপনাদের দাবি মানতে বাধ্য হবে না।”
তিনি বলেন, “আমরা কোয়ালিটি চাই, কোয়ান্টিটি চাই না। আপনারা ১০টা মেধাসম্পন্ন ছেলে বের করবেন, যারা বাংলাদেশের সব জায়গায় কম্পিটিশন করতে পারবে। ৫০টা বের করবেন, কোনোটাই কম্পিটিশন করতে পারবে না—সেটা করে লাভ নেই। নিজের সন্তানের ভবিষ্যৎ নিয়ে যেভাবে চিন্তা করেন, সেভাবে অন্যের সন্তানকে তৈরি করবেন। তাহলে দেশ এগিয়ে যাবে।”
মন্ত্রী আরও বলেন, “আমাদের সময়ের বুয়েটের ছাত্র আর এখনকার বুয়েটের ছাত্রের মধ্যে অনেক তফাৎ রয়েছে।”
জেলা প্রশাসক আমিনুল ইসলামের সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার নাজরান রউফ, জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চুসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানরা।