রাজধানীর উত্তরায় স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে ফেসবুকে ছড়ানো ভিডিওটি সম্পূর্ণ মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত বলে জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
সম্প্রতি ফেসবুকে একটি ভিডিওতে দাবি করা হয়, ‘এই মুহূর্তে রাজধানীর উত্তরায় স্বামীর সাথে ঈদের মার্কেট করতে এসে, স্বামীকে বেঁধে রেখে, সংঘবদ্ধ ধর্ষণে অজ্ঞান স্ত্রী’।
ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার এন এম নাসিরুদ্দিন জানান, যাচাই-বাছাই ও অনুসন্ধানে উত্তরা, ঢাকা মহানগরী কিংবা বাংলাদেশের কোথাও এ ধরনের ঘটনার তথ্য পাওয়া যায়নি।
তিনি বলেন, জনমনে আতঙ্ক সৃষ্টি, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিভ্রান্তি ছড়ানো এবং সামাজিক অস্থিরতা তৈরির অপচেষ্টা হিসেবে একটি মহল সামাজিক যোগাযোগমাধ্যমে এ ধরনের গুজব ছড়াচ্ছে।
ডিএমপি জানায়, সাম্প্রতিক সময়ে বিভিন্ন পুরোনো, সাজানো কিংবা ভিন্ন দেশের ভিডিও বাংলাদেশে ঘটেছে বলে প্রচারের একাধিক ঘটনা দেশি-বিদেশি ফ্যাক্টচেক সংস্থাগুলো মিথ্যা বলে শনাক্ত করেছে।
জনসাধারণকে বিভ্রান্তিকর পোস্ট, ভিডিও ও গুজবে কান না দেওয়ার অনুরোধ জানিয়েছে ডিএমপি। কোনো তথ্য শেয়ারের আগে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বা নির্ভরযোগ্য গণমাধ্যম থেকে সত্যতা যাচাই করতে বলা হয়েছে।
ডিসি নাসিরুদ্দিন আরও বলেন, গুজব ও অপপ্রচার ছড়িয়ে বিভ্রান্তি সৃষ্টিকারীদের শনাক্তে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে সবাইকে দায়িত্বশীল আচরণের অনুরোধ জানানো হয়েছে।