চট্টগ্রামের সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর পরিদর্শনে যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী এবং পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির।
রোববার (৩১ মে) চট্টগ্রামের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তাদের নিয়ে তারা এলাকাটি পরিদর্শন করবেন। এ উপলক্ষে প্রস্তুতি নিচ্ছে চট্টগ্রাম জেলা পুলিশ। ইউনিটের অধিকাংশ কর্মকর্তার ছুটি বাতিল ও সংক্ষিপ্ত করা হয়েছে।
মঙ্গলবার (২৬ মে) সকালে চট্টগ্রাম জেলা পুলিশের এক ঊর্ধ্বতন কর্মকর্তা মন্ত্রীর সফরের বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, মন্ত্রী সরেজমিনে এলাকাটি পরিদর্শন শেষে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দেবেন। তবে সম্প্রতি যৌথবাহিনীর ক্যাম্পে হামলার আগেই মন্ত্রীর এ সফর ঠিক হয়েছিল।
গত রোববার (২৪ মে) রাতে জঙ্গল সলিমপুরে স্থাপিত একটি যৌথবাহিনীর ক্যাম্পে সশস্ত্র আক্রমণ করে সন্ত্রাসী দল। পুলিশ ও র্যাব পাল্টা গুলি ছুড়লে সন্ত্রাসীরা পিছু হটে। এর আগে সন্ত্রাসীরা নির্মাণাধীন একটি ক্যাম্প বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেয় এবং রাস্তা কেটে দেয়।
এর আগে গত ১৯ জানুয়ারি জঙ্গল সলিমপুরে অভিযানে সন্ত্রাসীদের হামলায় চট্টগ্রাম র্যাবের উপসহকারী পরিচালক মোতালেব হোসেন ভূঁইয়া নিহত হন। পরে ৯ মার্চ সেনাবাহিনী, পুলিশ, র্যাব, বিজিবি ও এপিবিএনের প্রায় ৪ হাজার সদস্য সাঁড়াশি অভিযান চালায়।
অভিযানে বিপুল অস্ত্র উদ্ধার ও অনেককে গ্রেপ্তার করা হয়। জঙ্গল সলিমপুরের প্রবেশপথ সিল করে গুরুত্বপূর্ণ পয়েন্টে স্থায়ী তল্লাশিচৌকি বসানো হয়। এরপর জঙ্গল সলিমপুর ও আলীনগর এলাকায় পুলিশ ও র্যাবের দুটি যৌথ স্থায়ী ক্যাম্প স্থাপন করা হয়।