র্যাব মহাপরিচালক অতিরিক্ত আইজিপি মো. আহসান হাবীব পলাশ বলেছেন, ঈদুল আজহার নামাজে এখন পর্যন্ত কোনো হুমকি বোধ করছেন না। তাই বিশেষ নিরাপত্তার প্রয়োজন নেই।
মঙ্গলবার (২৬ মে) সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে জাতীয় ঈদগাহ মাঠে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। ঈদ জামাত ও দেশব্যাপী উৎসবের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে ব্রিফিংয়ে এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
র্যাব ডিজি বলেন, সবকিছু স্বাভাবিক। অস্বাভাবিক কিছু দেখছি না। আল্লাহর রহমতে কোনো থ্রেট বোধ করছি না। ঈদকেন্দ্রিক বা নামাজে এত নিরাপত্তার দরকার নেই। সব জামাতে নিরাপত্তা দেওয়াও সম্ভব না। সীমিত সামর্থ্যে র্যাব-পুলিশ সব জায়গায় চেষ্টা করছে। জনসমাগম বেশি হলে সেখানে ব্যবস্থা থাকবে।
তিনি বলেন, আমরা নিরাপদ অবস্থায় আছি। সবাই মিলে চেষ্টা করলে ঈদের জামাত নিরাপদে শেষ করতে পারব। এবার কোনো সমস্যায় পড়ব না।
ফাঁকা ঢাকার নিরাপত্তা নিয়ে তিনি জানান, ঈদে শহর ফাঁকা হলে সিঁধেল চুরি বাড়ে। এজন্য এবার দিন-রাতে বেশি পেট্রোল টিম কাজ করবে। গোয়েন্দা কার্যক্রম চলবে। যেকোনো ঘটনায় ৯৯৯-এ যোগাযোগ করলে র্যাব রেসপন্স করতে প্রস্তুত।
নিরাপত্তা প্রস্তুতি সম্পর্কে তিনি বলেন, ঈদুল আজহা উপলক্ষে র্যাব রোবাস্ট পেট্রোলিং করছে। ঝুঁকিপূর্ণ ও গুরুত্বপূর্ণ এলাকায় টহল জোরদার করা হয়েছে। প্রধান ঈদ জামাতে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। মোবাইল চেকপোস্টে তল্লাশি চলছে।

বাজারে কালোবাজারি, মজুতদারি, দ্রব্যমূল্য বৃদ্ধি ও ভেজাল রোধে গোয়েন্দা নজরদারি ও অনলাইন মনিটরিং চলছে। রাতে নিরাপত্তা চৌকি ও টহল বাড়ানো হয়েছে।
কোরবানির পশুরহাটে ক্রেতা ভোগান্তি, জাল টাকা প্রতিরোধ ও প্রস্তুতকারীদের বিরুদ্ধে অভিযান চলছে। পশুবাহী যানবাহন জোর করে নির্দিষ্ট হাটে নেওয়া ঠেকাতে কার্যক্রম চলছে।
সামাজিক যোগাযোগ মাধ্যমে ঈদ নিয়ে গুজব বা বিভ্রান্তি ঠেকাতে গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে। আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
বাস টার্মিনাল, রেল স্টেশন, লঞ্চ টার্মিনাল ও ফেরিঘাটে র্যাবের নজরদারি চলছে। সার্বিক আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে পেট্রোলিং ও গোয়েন্দা কার্যক্রম চালিয়ে যাবে র্যাব।
সংবাদ সম্মেলনের আগে র্যাব মহাপরিচালক জাতীয় ঈদগাহ পরিদর্শন করেন। এসময় র্যাবের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।