আসন্ন পবিত্র ঈদুল আজহায় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে মাঠপর্যায়ে কর্মকর্তাদের নিবিড় তদারকির নির্দেশ দিয়েছে বিদ্যুৎ বিভাগ।
মঙ্গলবার (২৬ মে) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মুহাম্মদ আরিফ সাদেকের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বিদ্যুৎ বিভাগ ও এর অধীনস্থ সব দপ্তর ও সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তাদের নিজ নিজ কর্মস্থল বা অবস্থানস্থলের বিদ্যুৎ পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণের নির্দেশ দেওয়া হয়েছে।
ঈদের ছুটিতে কর্মকর্তারা যে এলাকায় অবস্থান করবেন, সেখানে বিদ্যুৎ পরিস্থিতি সরেজমিনে পরিদর্শন করবেন এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা দেবেন। পরিদর্শন-সংক্রান্ত প্রতিবেদন বিদ্যুৎ বিভাগের সচিবের কাছে পাঠাতে হবে।
গ্রাহক ভোগান্তি কমাতে রক্ষণাবেক্ষণের কাজ বা আকস্মিক বিদ্যুৎ বিভ্রাটের সময় স্থানীয় বিদ্যুৎ সরবরাহ কেন্দ্র থেকে মাইকিং ও সামাজিক যোগাযোগ মাধ্যমে আগাম জানানোর নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি স্থানীয় মসজিদের ইমাম ও মুয়াজ্জিনদের মাধ্যমেও বিদ্যুৎ পরিস্থিতির তথ্য প্রচারের কথা বলা হয়েছে।
এজন্য সংশ্লিষ্ট এলাকার মসজিদের নাম এবং ইমাম ও মুয়াজ্জিনদের মোবাইল নম্বর বিদ্যুৎ বিভাগে পাঠাতে ও বিতরণকারী সংস্থার ওয়েবসাইটে আপলোড করতে বলা হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ঈদ উপলক্ষে দোকানপাট ও শপিংমল রাত ১০টা পর্যন্ত খোলা রাখা যাবে। তবে ঈদের পর বিদ্যুৎ সাশ্রয়ে সন্ধ্যা ৭টার মধ্যে দোকান ও শপিংমল বন্ধ করতে হবে।
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় আশা করছে, সবার সমন্বিত প্রচেষ্টায় ঈদের সময় দেশব্যাপী বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক ও স্থিতিশীল থাকবে।