ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে হাসপাতালে নেওয়া হয়েছে। স্থানীয় সময় সোমবার সন্ধ্যায় তেল আবিবের হাদাসাহ আইন কেরেম মেডিক্যালে নেওয়া হয় তাকে।

হিব্রু গণমাধ্যমে খবর প্রকাশের পর প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে বিবৃতি দেওয়া হয়। বিবৃতিতে বলা হয়, দাঁতের চিকিৎসার জন্য নেতানিয়াহুকে হাসপাতালে নেওয়া হয়েছে।

মঙ্গলবার (২৬ মে) টাইমস অব ইসরায়েল এ তথ্য জানিয়েছে।

৭৬ বছর বয়সী নেতানিয়াহুর স্বাস্থ্য সাম্প্রতিক সময়ে বড় আলোচনার বিষয় হয়ে উঠেছে। স্বাস্থ্যসংক্রান্ত তথ্য গোপন রাখায় তিনি সমালোচনার মুখে পড়েছেন। এ নিয়ে ইসরায়েলে তার সামগ্রিক স্বাস্থ্য নিয়ে জল্পনা-কল্পনা চলছে।

গত মাসে নেতানিয়াহু সামাজিক মাধ্যমে জানান, হাদাসাহ মেডিক্যাল সেন্টারে প্রোস্টেটের ম্যালিগন্যান্ট টিউমারের জন্য সফল অস্ত্রোপচার করেছেন। ইরান যুদ্ধে ইসরায়েলের বিরুদ্ধে প্রচারণার কাজে ব্যবহার হতে পারে, তাই বিষয়টি প্রকাশ করেননি বলে দাবি করেন। তবে রোগ নির্ণয় বা চিকিৎসার সময়সীমা জানাননি।

তার বার্ষিক স্বাস্থ্য প্রতিবেদন ও ক্যানসার চিকিৎসা সংক্রান্ত নথি প্রকাশ করা হলেও সেখানে অস্পষ্ট তথ্য ছিল। কোন বছরের প্রতিবেদন তা উল্লেখ ছিল না। নথিতে হাসপাতালের লোগো বা আনুষ্ঠানিক বিবৃতির ইঙ্গিতও ছিল না।

এর আগে ২০২৩ সালের জুলাইয়ে নেতানিয়াহুর শরীরে পেসমেকার বসানো হয়। ২০২৪ সালের মার্চে হার্নিয়া ও ডিসেম্বরে প্রোস্টেট অপসারণের অস্ত্রোপচার হয়।

পেসমেকার বসানোর সময় প্রথমে বলা হয়, পানিশূন্যতার কারণে তিনি রামাত গানের সেবা মেডিক্যালে এক রাত ছিলেন। পরে জানা যায়, তার শরীরে সাবকিউটেনিয়াস হার্ট মনিটর বসানো হয়েছিল। তখনই তার স্বাস্থ্য নিয়ে প্রশ্ন ওঠে।

চিকিৎসকরা এক সপ্তাহ পরে স্বীকার করেন, হাসপাতালে ভর্তি থাকাকালে ইসিজিতে কিছু অস্বাভাবিকতা ধরা পড়েছিল। তবে তারা জানান, প্রধানমন্ত্রীর হৃদযন্ত্র ‘সম্পূর্ণ স্বাভাবিক’ ছিল।