সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন, আড়ালে-আবডালে দুর্বৃত্ত আছে, সেটা অস্বীকারের সুযোগ নেই। তবে তাদের কোনোভাবেই প্রশ্রয় দেওয়া হবে না।

মঙ্গলবার (২৬ মে) সকালে রাজধানীর সায়েদাবাদ বাস টার্মিনাল পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, কেউ ভাড়া বেশি নিলে সুনির্দিষ্ট অভিযোগ পেলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে। প্রতিটি কাউন্টারে নির্ধারিত ভাড়ার স্টিকার লাগানো হয়েছে। বাসেও ভাড়ার তালিকা সংযুক্ত আছে।

তিনি জানান, যাত্রীরা আগের তুলনায় নির্ধারিত সময়ে ভালোভাবে বাড়ি যেতে পারছেন এবং মোবাইল কোর্ট কাজ করছে। পরিবহনের নাম উল্লেখ করে অভিযোগ জানালে দ্রুত পদক্ষেপ নেওয়া হবে।

অনেক যাত্রী অগ্রিম টিকিট না কাটায় ভোগান্তিতে পড়ছেন। যাত্রীদের অসচেতনতার সুযোগ নিয়ে চালক বা সুপারভাইজার অতিরিক্ত ভাড়া আদায় করছে বলেও জানান তিনি।

কোরবানির পশুর হাট প্রসঙ্গে মন্ত্রী বলেন, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা হয়েছিল সড়কে গরুর হাট বসবে না। তবে পশু ও ক্রেতার চাপ বাড়ায় অনেক সময় হাট সড়কে চলে আসছে। এতে সমন্বয়হীনতা তৈরি হচ্ছে।

তিনি আরও বলেন, সরকারের মনিটরিংয়ে কিছু সীমাবদ্ধতা রয়েছে। বিপুলসংখ্যক মানুষ পণ্যবাহী ট্রাকে যাতায়াত করছে। এসব ট্রাক থামালে মহাসড়কে যানজট হয়। নাগরিকরা সচেতন না হলে সড়কে শৃঙ্খলা রাখা কঠিন।