আদালত আইন মন্ত্রণালয় থেকে নিয়ন্ত্রণ করা হয়—এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহর এমন বক্তব্যের জবাবে আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বিচারকরা সম্পূর্ণ স্বাধীন। এ ধরনের মন্তব্য আদালত অবমাননার শামিল।
মঙ্গলবার (২৬ মে) সকাল সাড়ে ১০টায় ঝিনাইদহের শৈলকূপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
আইনমন্ত্রী বলেন, “উনি যা বলেছেন, তা আদালত অবমাননার শামিল। বিচারক বিচারকার্যে সম্পূর্ণ স্বাধীন। বিচারকরা স্বাধীনভাবে কাজ করছেন বলেই তাদের নেতারা মামলায় গ্রেপ্তারের পরদিনই জামিন পেয়েছেন।”
বাংলাদেশের বিচারকরা অন্য যেকোনো দেশের তুলনায় স্বাধীনভাবে কাজ করতে পারেন দাবি করে তিনি বলেন, “আমাদের মামলা জট রয়েছে। কারণ, বিচারক সংকট আছে। আইনজীবীর সংখ্যাও কম। ট্রায়ালে অংশ নেওয়ার মতো আইনজীবী বেশি না থাকায় মামলা জট কমানো যাচ্ছে না।”
এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহ ও নাসিরউদ্দীন পাটওয়ারীর বক্তব্যকে রাজনৈতিক আখ্যা দিয়ে মন্ত্রী বলেন, “ঝিনাইদহে এনসিপি নেতাকর্মীদের সঙ্গে যা হয়েছে, সেখানে পুলিশের দায়িত্বে ঘাটতি ছিল না। বিচারকরাও স্বাধীনভাবে কাজ করেছেন। বিভ্রান্তি ছড়াতে ও রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের জন্য তারা এসব কথা বলছেন।”
এ সময় শৈলকূপা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রাশেদ আল মামুনসহ অন্যরা উপস্থিত ছিলেন।