রাজধানীর পল্লবীতে শিশু রামিসা আক্তারকে ধর্ষণের পর হত্যার ঘটনায় হওয়া মামলার বিচার আগামী ১ জুন থেকে শুরু হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান।

সোমবার চুয়াডাঙ্গা সার্কিট হাউজে স্থানীয় বিএনপির নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা শেষে তিনি এ কথা বলেন।

আইনমন্ত্রী বলেন, নারী ও শিশুদের প্রতি সহিংসতা সংশ্লিষ্ট যেসব বিচারিক আদালত রয়েছে, সে আদালতগুলো ছুটির বাইরে রাখার জন্য সরকার সুপ্রিম কোর্টের সাথে পরামর্শ করেছে। সুপ্রিম কোর্ট সিদ্ধান্ত নিয়েছেন, সেই আদালতগুলো খোলা থাকবে।

তিনি আরও বলেন, রামিসা হত্যা মামলায় ২৪ ঘণ্টার মধ্যে আসামি জবানবন্দি দিয়েছে। এক সপ্তাহের মধ্যে মামলাটির চার্জশিট হয়েছে। ১ জুন থেকে রামিসার বিচার শুরু হচ্ছে। মামলাটি বিচারের প্রক্রিয়ায় এগিয়ে গেছে।

ঝিনাইদহে এনসিপি নেতা নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার প্রসঙ্গ টেনে মো. আসাদুজ্জামান বলেন, ঝিনাইদহে এনসিপির সাথে ঘটা বিষয়টি এনসিপি যেমন রাজনৈতিকভাবে দেখছে, বিএনপিও একইভাবে দেখছে।

উল্লেখ্য, গত শুক্রবার ঝিনাইদহে পৌর কালেক্টরেট জামে মসজিদের সামনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার ঘটনা ঘটে। এ বিষয়ে পাটওয়ারী অভিযোগ করেন, মসজিদে জুমার নামাজ আদায় শেষে বের হওয়ার পরপরই তার ওপর হামলার ঘটনা ঘটে।