আন্তর্জাতিক ক্রিকেটকে গুডবাই বলেছেন মাহমুদউল্লাহ রিয়াদ। কেবল ঘরোয়া ক্রিকেটেই রয়েছে তার উপস্থিতি। খেলার ফাকে নতুন দায়িত্ব পেয়েছেন। অনূর্ধ্ব-১৯ জাতীয় দলের মেন্টর হিসেবে দায়িত্ব পেয়েছেন সাবেক অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ।
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) বয়সভিত্তিক ক্রিকেটে সাবেক জাতীয় দলের ক্রিকেটারদের সম্পৃক্ত করার পরিকল্পনা নিয়ে এগোচ্ছে। সেই উদ্যোগের অংশ হিসেবেই মাহমুদউল্লাহকে যুবদলে যুক্ত করা হয়েছে। ২০২৮ যুব বিশ্বকাপ বসবে বাংলাদেশে। সেই পর্যন্ত যুব দলের মেন্টর থাকবেন মাহমুদউল্লাহ।
বিসিবির অ্যাডহক কমিটির সভাপতি তামিমের আগ্রহতে মাহমুদউল্লাহকে যুক্ত করা হয়েছে যুব দলের সঙ্গে। পরবর্তীতে বিসিবির গেম ডেভেলাপমেন্ট বিভাগ থেকেও বড় পরিকল্পনা করে মাহমুদউল্লাহকে দায়িত্ব বুঝিয়ে দেওয়া হয়েছে।
টি স্পোর্টসকে মাহমুদউল্লাহ বলেছেন, ‘‘একদিন বিসিবি সভাপতি তামিম ইকবাল আমাকে ফোন করেছিলেন। এরপর আমি তার সঙ্গে কথা বলি যে, যেহেতু আমি পেশাদার ক্রিকেট খেলছি, তাই আমি তরুণ খেলোয়াড়দের সঙ্গে কাজ করার জন্য একটি সময় বের করতে পারি এবং তাদের সঙ্গে আমার অভিজ্ঞতা ভাগাভাগি করতে পারি। আমরা অনেক বিষয় নিয়ে আলোচনা করেছি। আবারও বলছি, এটা আমার জন্য একটি ভালো সুযোগ। আমি মনে করি, ইনশাআল্লাহ, যদি আমি আমার জ্ঞান ও অভিজ্ঞতা ভাগ করে নিতে পারি এবং বাংলাদেশের ক্রিকেটারদের, বিশেষ করে তরুণদের সাহায্য করতে পারি, তাহলে আমি খুবই খুশি হব।”
২০২৫ সালের সেপ্টেম্বরে মাহমুদউল্লাহ বিসিবি আয়োজিত একটি বিশেষ ব্যাটিং কোর্সে অংশ নেন। তিন দিনের এই কর্মসূচি পরিচালনা করেন অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞ অ্যাশলি রস ও ইয়ান রেনশ। এতে প্রায় ১৫ জন ব্যাটিং কোচ অংশ নিয়েছিলেন এবং কোচিং দক্ষতা উন্নয়নের ওপর গুরুত্ব দেওয়া হয়েছিল। সে সময় ধারণা করা হয়েছিল, মাহমুদউল্লাহ ধীরে ধীরে কোচিংয়ে আগ্রহী হয়ে উঠেছেন। আর মেন্টরিং ভূমিকায় বিসিবির গেম ডেভেলপমেন্ট ইউনিটে তার অন্তর্ভুক্তি সেই পথচলার প্রথম ধাপ বলেই মনে হচ্ছে।
এই সুযোগকে বড় করে দেখছেন মাহমুদউল্লাহ, ‘‘এটা আমার জন্য অনেক বড় সম্মানের বিষয়, কারণ আমি যত বছর ক্রিকেট খেলেছি এবং বাংলাদেশ ক্রিকেটের জন্য আমরা যা কিছু অর্জন করতে পেরেছি। আমি মনে করি, এখন বাংলাদেশ ক্রিকেটকে কিছু ফিরিয়ে দেওয়ার সময় এসেছে। এটাই মূল উদ্দেশ্য।”
বাংলাদেশের সাম্প্রতিক ফর্ম নিয়েও উচ্ছ্বসিত মাহমুদউল্লাহ, ‘‘বাংলাদেশ দল খুবই ভালো পারফর্ম করছে। আমরা টেস্ট ম্যাচ জিতছি, আমরা টি-টোয়েন্টি ম্যাচ জিতছি, আমরা ওয়ানডে সিরিজ জিতছি, যা খুবই ইতিবাচক একটি দিক। আমি আশা করি, ভবিষ্যৎ প্রজন্ম আরও বড় হয়ে উঠবে।’’