শিশু রামিসা ধর্ষণ ও হত্যার বিচার আগামী ৫ থেকে ৭ দিনের মধ্যে সম্পন্ন হবে বলে আশা প্রকাশ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
রোববার (২৪ মে) বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরামের (বিএসআরএফ) সংলাপে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, রামিসা হত্যা ও ধর্ষণ মামলা যে আদালতে আছে সেটির ছুটি বাতিলের চিন্তা করছেন প্রধান বিচারপতি। আইন মন্ত্রণালয় বিষয়টি দেখছে। সব মিলিয়ে আশা করছি, ৫ থেকে ৭ দিনের মধ্যে বিচার সম্পন্ন হবে। এ অপরাধের সর্বোচ্চ শাস্তি নিশ্চিতে যা প্রয়োজন করা হবে।
তিনি বলেন, সামাজিক মূল্যবোধের অবক্ষয় হয়েছে, সমাজ সংস্কার দরকার। ধর্ষণের ঘটনা সহ্যসীমার বাইরে যাচ্ছে। অপরাধীদের দ্রুত গ্রেপ্তারে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে। গত ৩ মাসে এ ধরনের প্রতিটি ঘটনায় অপরাধীদের গ্রেপ্তার করা হয়েছে। ভবিষ্যতেও ছাড় দেওয়া হবে না।
পাসপোর্ট প্রসঙ্গে মন্ত্রী বলেন, সামনে ইস্যু করা পাসপোর্টে ‘এক্সপেক্ট ইসরায়েল’ যুক্ত হবে। এটি গণমানুষের চাহিদা। বিগত সরকারের সময় ভিসা পেইজে ব্যক্তিতান্ত্রিক চর্চা ছিল, যা দেশের সংস্কৃতিকে প্রতিনিধিত্ব করে না। এখন পাসপোর্টে বাংলাদেশের প্রতিচ্ছবি, সংস্কৃতি থাকবে, দলীয় চিন্তা নয়। ভবিষ্যতে মুদ্রায় বীরশ্রেষ্ঠদের ছবি থাকবে বলেও জানান তিনি।
রিকনসিলিয়েশন কমিশন নিয়ে তিনি বলেন, বৃহত্তর জাতীয় ঐক্যের জন্য ৩১ দফায় কমিশন গঠনের কথা ছিল। এখনই নয়, অগ্রাধিকারের আরও কাজ আছে। প্রয়োজন হলে উদ্যোগ নেওয়া হবে।
শেখ হাসিনাকে ফেরানো প্রসঙ্গে মন্ত্রী বলেন, প্রত্যর্পণের জন্য ভারত সরকারকে অনেক আগেই চিঠি পাঠানো হয়েছে। আইনানুগ প্রক্রিয়ায় তাকে ফেরত পাঠাবে বলে আশা করি। তিনি বিচারের মুখোমুখি হোন, এটাই চাই।
গণমাধ্যম প্রসঙ্গে তিনি বলেন, সমাজের অগ্রগতির জন্য মুক্ত গণমাধ্যম দরকার। তবে সামাজিক শৃঙ্খলা ও সোশ্যাল হারমনি রক্ষা করেই এ স্বাধীনতা প্রয়োগ করতে হবে।