পবিত্র ঈদুল আজহায় যাত্রা নিরাপদ ও নির্বিঘ্ন করতে গণপরিবহন মালিক-শ্রমিক, যাত্রী ও পথচারীদের জন্য ২৩ দফা নির্দেশনা দিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

রোববার (২৪ মে) ডিএমপি কমিশনার মোসলেহ উদ্দিন আহমদ স্বাক্ষরিত গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, শিডিউল অনুযায়ী বাস ছাড়তে হবে এবং নির্ধারিত ভাড়ার বেশি নেওয়া যাবে না। এক সিট একাধিক যাত্রীর কাছে বিক্রি, বাসের ছাদে যাত্রী বহন এবং পণ্য ও পশুবাহী গাড়িতে যাত্রী পরিবহন নিষিদ্ধ।

চালকদের গতিসীমা মেনে গাড়ি চালাতে হবে। বেপরোয়া গতি, নিষিদ্ধ এলাকায় ওভারটেকিং, রাস্তার বাঁক ও সরু সেতুতে ওভারটেকিং করা যাবে না। নেশাজাতীয় দ্রব্য সেবন, ঘুমঘুম ভাব বা অসুস্থ অবস্থায় গাড়ি চালানো নিষেধ। বৈধ লাইসেন্স ও হালনাগাদ কাগজপত্র ছাড়া গাড়ি চালানো যাবে না। গাড়ি চালানোর সময় মোবাইল, এয়ারফোন ব্যবহার ও উচ্চস্বরে গান বাজানো যাবে না। চালকদের একটানা পাঁচ ঘণ্টার বেশি এবং দিনে আট ঘণ্টার বেশি গাড়ি চালাতে বাধ্য করা যাবে না।

যাত্রীদের নির্ধারিত টার্মিনাল বা কাউন্টার থেকে বাসে উঠতে বলা হয়েছে। অপরিচিত কারও দেওয়া খাবার বা পানীয় না খাওয়া, মালামাল নিজ দায়িত্বে রাখা এবং সময়মতো কাউন্টারে উপস্থিত থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

পথচারীদের জেব্রা ক্রসিং, ফুটওভার ব্রিজ ও আন্ডারপাস ব্যবহার করে রাস্তা পার হতে বলা হয়েছে। মোবাইলে কথা বলতে বলতে বা দৌড়ে রাস্তা পার না হওয়া এবং ফুটপাত ব্যবহারের আহ্বান জানানো হয়েছে।

জরুরি প্রয়োজনে টার্মিনালের পুলিশ কন্ট্রোল রুম বা জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে যোগাযোগ করতে বলেছে ডিএমপি।