পবিত্র ঈদুল আজহার আগে আজ রোববার (২৪ মে) শেষ কর্মদিবস। আগামীকাল সোমবার (২৫ মে) থেকে শুরু হচ্ছে টানা সাতদিনের সরকারি ছুটি।
আগামী ২৮ মে দেশে ঈদুল আজহা উদযাপিত হবে। ঈদের আগে শেষ কর্মদিবসে সচিবালয়সহ বিভিন্ন সরকারি দপ্তরে কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতি স্বাভাবিক ছিল। তবে অনেককে হাজিরা দিয়ে বাস, রেলস্টেশন ও লঞ্চ টার্মিনালের দিকে ছুটতে দেখা গেছে। সহকর্মীদের সঙ্গে অগ্রিম ঈদ শুভেচ্ছা বিনিময়ও চলছে। সচিবালয়ে গাড়ির পার্কিং ও দর্শনার্থী কক্ষে ভিড় ছিল। লিফট চালকদের ঈদ বকশিশ আদায়ের তৎপরতাও চোখে পড়ে।
২৮ মে ঈদ ধরে ছয়দিন ছুটি নির্ধারিত থাকলেও ঈদযাত্রা নির্বিঘ্ন করতে নির্বাহী আদেশে আরও একদিন বাড়িয়ে সাতদিন করা হয়েছে। সরকারি চাকরিজীবীরা ২৫ থেকে ৩১ মে পর্যন্ত ছুটি কাটাবেন। অফিস খুলবে ১ জুন। ছুটির আগে গত ২৩ মে শনিবার সাপ্তাহিক ছুটির দিনে অফিস খোলা ছিল।
ছুটির তালিকা অনুযায়ী, ২৮ মে সাধারণ ছুটি। ঈদের আগে ২৬ ও ২৭ মে এবং পরে ২৯ থেকে ৩১ মে নির্বাহী আদেশে ছুটি। ৭ মে মন্ত্রিসভা ২৫ মে ছুটি ঘোষণা এবং ২৩ ও ২৪ মে অফিস খোলা রাখার প্রস্তাব অনুমোদন করে। পরে ২৪ মে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়।
ছুটির আওতার বাইরে: বিদ্যুৎ, পানি, গ্যাস, ফায়ার সার্ভিস, বন্দর, পরিচ্ছন্নতা, টেলিফোন, ইন্টারনেট, ডাক সেবা, হাসপাতাল, জরুরি সেবা, চিকিৎসক, ওষুধ পরিবহন ও জরুরি কাজের সঙ্গে সংশ্লিষ্ট অফিস এই ছুটির বাইরে থাকবে। ব্যাংকিং বিষয়ে বাংলাদেশ ব্যাংক এবং আদালতের বিষয়ে সুপ্রিম কোর্ট নির্দেশনা দেবে। বেসরকারি শিল্পপ্রতিষ্ঠানের ছুটির বিষয়ে শ্রম মন্ত্রণালয় নির্দেশনা দেবে।