রাজধানীর ভাষানটেকে আট বছর বয়সী শিশুকে ধর্ষণের অভিযোগে মো. হোসেন (২৫) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (২৪ মে) সকালে তাকে আদালতে পাঠানো হয়েছে। এর আগে শনিবার (২৩ মে) রাত ১২টার দিকে ভুক্তভোগীর বাবা ভাষানটেক থানায় মামলা করেন।

গ্রেপ্তার হোসেন বরিশালের গৌরনদী উপজেলার ডুমুরিয়া এলাকার মৃত সাহেব আলী ফকিরের ছেলে। তিনি ভাষানটেক এলাকায় থাকতেন।

মামলার এজাহার অনুযায়ী, শিশুটি গত দুই-তিন দিন ধরে গোপনাঙ্গে ব্যথার কথা বলে কান্নাকাটি করছিল। শনিবার রাত ৮টার দিকে পরিবারকে জানায়, গত মঙ্গলবার (১৯ মে) সন্ধ্যা ৭টার দিকে ঘরের সামনে খেলার সময় প্রতিবেশী হোসেন তাকে কৌশলে ঘরে ডেকে নেন। এরপর দরজা বন্ধ করে মুখ চেপে ধরে জোরপূর্বক ধর্ষণ করেন।

ঘটনা জানার পর বাবা রাতেই থানায় লিখিত অভিযোগ করেন। পুলিশ মামলা নিয়ে রাতেই অভিযান চালিয়ে হোসেনকে গ্রেপ্তার করে।

ভাষানটেক থানার ওসি আসলাম বলেন, আসামিকে গ্রেপ্তারের পর আজ সকালে আদালতে পাঠানো হয়েছে। ভুক্তভোগীকে ডাক্তারি পরীক্ষার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান-স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) পাঠানো হয়েছে।

এর আগে গত সপ্তাহে পল্লবীতে দ্বিতীয় শ্রেণির ছাত্রী রামিসা আক্তারকে ধর্ষণের পর হত্যার ঘটনা ঘটে। সেই ঘটনার রেশ কাটার আগেই ভাষানটেকে আবারও একই বয়সী শিশু ধর্ষণের অভিযোগ উঠল।