পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশের বিভিন্ন কারাগারের চারজন কয়েদির সাজা মওকুফ করে মুক্তির আদেশ দিয়েছে সরকার। আইনি প্রক্রিয়া শেষে শিগগিরই তাদের মুক্তি দেওয়া হবে বলে জানিয়েছে কারা কর্তৃপক্ষ।

রোববার (২৪ মে) বিষয়টি নিশ্চিত করেছেন কারা অধিদপ্তরের সহকারী কারা মহাপরিদর্শক (উন্নয়ন ও মিডিয়া) মো. জান্নাত-উল ফরহাদ।

মুক্তি পেতে যাওয়া কয়েদিরা হলেন খুলনা জেলা কারাগারের মো. ইসলাম শেখ, ফরিদপুর জেলা কারাগারের নাঈম শিকদার, চুয়াডাঙ্গা জেলা কারাগারের আব্দুল মালেক এবং রাঙামাটি জেলা কারাগারের পলাশ বড়ুয়া।

কারা অধিদপ্তর জানায়, প্রতিবছরের মতো এবারও মানবিক বিবেচনায় কিছু বন্দির সাজা মওকুফের সিদ্ধান্ত নিয়েছে সরকার। এর অংশ হিসেবে এই চারজনের অবশিষ্ট কারাদণ্ড মওকুফ করে স্বরাষ্ট্র মন্ত্রণালয় প্রজ্ঞাপন জারি করেছে। সংশ্লিষ্ট কারাগারগুলোয় নির্দেশনা পাঠানো হয়েছে এবং মুক্তির প্রক্রিয়া শুরু হয়েছে।