জ্বালানি ও সারের সরবরাহ ঠিক রাখতে স্পট মার্কেট থেকে তিন কার্গো এলএনজি এবং ৭০ হাজার মেট্রিক টন সার কেনার প্রস্তাব অনুমোদন করেছে সরকার।
শনিবার (২৩ মে) সচিবালয়ে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির ২৩তম বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়।
জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের প্রস্তাব অনুযায়ী, আন্তর্জাতিক স্পট মার্কেট থেকে তিনটি এলএনজি কার্গো কেনা হবে। এগুলো ২০২৬ সালের ১৫-১৬ জুন, ২১-২২ জুন এবং ২৫-২৬ জুন সরবরাহ করা হবে। অগ্রিম আয়করসহ মোট ব্যয় ২ হাজার ৩৩০ কোটি ৮২ লাখ টাকা। দক্ষিণ কোরিয়ার পোসকো ইন্টারন্যাশনাল থেকে দুই কার্গো এবং যুক্তরাজ্যের টোটাল অ্যানার্জিস থেকে এক কার্গো এলএনজি কেনা হবে।
এছাড়া শিল্প মন্ত্রণালয়ের প্রস্তাবে ২০২৫-২৬ অর্থবছরে কাফকো, বাংলাদেশ থেকে ৩০ হাজার মেট্রিক টন ব্যাগজাত দানাদার ইউরিয়া সার আমদানির অনুমোদন দেওয়া হয়েছে। এতে ব্যয় হবে ২৫৪ কোটি ৫২ লাখ টাকা। প্রতি মেট্রিক টনের দাম ৬৮৮ দশমিক ৩৭৫ ডলার।
কৃষি মন্ত্রণালয়ের প্রস্তাবে বিএডিসির মাধ্যমে মরক্কোর ওসিপি নিউট্রিক্রপস থেকে ৪০ হাজার মেট্রিক টন ডিএপি সার আমদানির অনুমোদনও দেওয়া হয়েছে। এতে ব্যয় ধরা হয়েছে ৪৩৪ কোটি ৬৬ লাখ টাকা। প্রতি মেট্রিক টনের দাম ৮৮১ দশমিক ৬৭ ডলার।
কর্মকর্তারা জানান, কৃষি খাতে সারের স্থিতিশীল সরবরাহ নিশ্চিত করতেই এসব সিদ্ধান্ত।