ইউক্রেন যুদ্ধে সমর্থন করার জন্য রাশিয়ার সামরিক সরঞ্জাম বা অন্যান্য সহায়তা চাওয়ার বিষয়টি অস্বীকার করেছে চীন।

রোববার দুইজন মার্কিন কর্মকর্তা সংবাদমাধ্যম সিএনএনকে বলেন, ইউক্রেনে অযৌক্তিক হামলার জন্য রাশিয়া চীনের কাছে ড্রোনসহ সামরিক সহায়তার পাশাপাশি অর্থনৈতিক সহায়তা চেয়েছে।

সোমবার (১৪ মার্চ) চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ঝাও লিজিয়ান এক সংবাদ সম্মেলনে জানান, যুক্তরাষ্ট্র অযথা গুজব প্রচার করছে।

সহায়তা চেয়ে রাশিয়ার অনুরোধ প্রসঙ্গে জিজ্ঞাসা করা হলে লিজিয়ান বলেন, সম্প্রতি, মার্কিন পক্ষ অশুভ উদ্দেশ্য নিয়ে ইউক্রেন ইস্যুতে চীনের বিরুদ্ধে গুজব প্রচার করেছে। ইউক্রেন ইস্যুতে চীনের অবস্থান দৃঢ় ও স্পষ্ট এবং আমরা শান্তি আলোচনার জন্য গঠনমূলক ভূমিকা পালন করছি।

তিনি বলেন, আগুনে ঘি ঢালার পরিবর্তে সকল পক্ষের সংযম অবলম্বন করা এবং উত্তেজনা প্রশমিত করা জরুরি। পরিস্থিতি আরও খারাপ করার পরিবর্তে একটি কূটনৈতিক সমাধানের জন্য চাপ দেওয়া দরকার।

উল্লেখ্য, গত ২৪ ফেব্রুয়ারি রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের সামরিক অভিযান ঘোষণার কয়েক মিনিট পরেই ইউক্রেনে বোমা ও ক্ষেপণাস্ত্র হামলা শুরু করে রুশ সেনারা। এরপর থেকে ইউক্রেন ও রাশিয়ার মধ্যে যুদ্ধ চলছে। ইতোমধ্যে ইউক্রেন ছেড়েছেন ২৭ লাখের বেশি মানুষ। এ ছাড়া যুদ্ধে ইউক্রেনের ১৩শ’ সেনা নিহত এবং রাশিয়ার ১২ হাজার সৈন্য নিহত হয়েছে বলে দাবি করেছে ইউক্রেন। তবে রাশিয়া বলছে, যুদ্ধে তাদের প্রায় ৫০০ সৈন্য নিহত এবং ইউক্রেনের আড়াই হাজারের বেশি সেনা নিহত হয়েছেন।

এ ছাড়া জাতিসংঘ জানিয়েছে, রুশ অভিযানে ইউক্রেনে ৫৬৪ বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ৪১ শিশু রয়েছে। যুক্তরাষ্ট্র বলছে, ইউক্রেনে আনুমানিক ৫ থেকে ৬ হাজার রুশ সেনা নিহত হয়েছে।

সূত্র : সিএনএন