পল্লবীতে শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার ডিএনএ, ময়নাতদন্ত ও ভিসেরা রিপোর্ট তদন্তকারী কর্মকর্তার কাছে হস্তান্তর করেছে সিআইডি।

শনিবার (২৩ মে) সিআইডির বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) জসীম উদ্দিন খান জানান, সব ফরেনসিক রিপোর্ট মামলার তদন্ত কর্মকর্তা পল্লবী থানার এসআই অহিদুজ্জামান ভুঁইয়া নিপুনের কাছে তুলে দেওয়া হয়েছে।

তদন্ত সূত্র জানায়, রিপোর্ট পাওয়ায় মামলার তদন্ত শেষ পর্যায়ে। এখন চার্জশিট তৈরির কাজ চলছে। সব ঠিক থাকলে রোববার (২৪ মে) আদালতে অভিযোগপত্র দাখিল হতে পারে।

গত ১৯ মে সকালে পল্লবীর একটি ফ্ল্যাটের খাটের নিচ থেকে রামিসার মস্তকবিহীন দেহ ও বাথরুম থেকে খণ্ডিত মাথা উদ্ধার হয়। এ ঘটনায় পল্লবী থানায় হত্যা মামলা হয়।

প্রধান আসামি সোহেল রানার স্ত্রী স্বপ্নাকে প্রথমে আটক করা হয়। পরে সোহেলকে গ্রেপ্তার করে পুলিশ। সোহেল আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি দিয়েছেন।