বন্ধ কলকারখানা চালু ও অর্থনীতি চাঙা করতে ৬০ হাজার কোটি টাকার বিশেষ তহবিল ঘোষণা করেছে বাংলাদেশ ব্যাংক।

শনিবার (২৩ মে) দুপুরে সংবাদ সম্মেলনে গভর্নর মোস্তাকুর রহমান এ ঘোষণা দেন। তিনি জানান, এ তহবিলের মাধ্যমে ২৫ লাখ কর্মসংস্থান হবে বলে আশা করা হচ্ছে।

এই ঋণে সরকার ৬ শতাংশ সুদ ভর্তুকি দেবে, গ্রাহকরা ৭ শতাংশ সুদে ঋণ পাবেন। ৬০ হাজার কোটি টাকার মধ্যে ৪১ হাজার কোটি টাকা দেবে ব্যাংকগুলো, বাকি ১৯ হাজার কোটি টাকা পুনঃঅর্থায়ন তহবিল।

বন্ধ কারখানা চালুর পাশাপাশি কৃষি, পোশাক, সিএমএসএমই, পরিবেশবান্ধব ও সৃজনশীল অর্থনীতিতে ঋণ দেওয়া হবে। এতে জিডিপি প্রবৃদ্ধি বাড়বে ও কর্মসংস্থান তৈরি হবে।

গভর্নর আরও বলেন, দেশ থেকে ৫ লাখ কোটি টাকা চুরি হয়েছে। ঋণের এক-তৃতীয়াংশ নেই, বিপরীতে পর্যাপ্ত সম্পদও নেই।