আর্জেন্টিনাকে বাংলাদেশে সবচেয়ে জনপ্রিয় দল বলেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। আসন্ন বিশ্বকাপে দলটির সাফল্যও কামনা করেন তিনি।
শনিবার (২৩ মে) দুপুরে যশোরের হামিদপুরে শামস-উল-হুদা ফুটবল একাডেমিতে ‘এএফসি গ্রাসরুট ফুটবল ডে ও ওয়ার্ল্ড ফুটবল ডে ২০২৬’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
স্পিকার বলেন, ‘মিস্টার মার্সেলো কথা বলতে এলে সবাই হাততালি দিয়েছেন। এটাই প্রমাণ করে আর্জেন্টিনা বাংলাদেশে সবচেয়ে জনপ্রিয় দল।’
তিনি আরও বলেন, ‘ক্রীড়াঙ্গনকে রাজনীতিমুক্ত রাখতে হবে। গত ২০ বছর ক্রীড়াঙ্গন রাজনীতির দখলে ছিল। ক্রীড়ামোদীদের জায়গা রাজনীতি ও ব্যবসায়ীরা দখল করেছে। এ ধারা থেকে বেরিয়ে আসতে হবে।’

অনুষ্ঠানে খুলনা ও রাজশাহী বিভাগের ৮০০ ক্ষুদে ফুটবলার অংশ নেয়।
স্পিকার বলেন, ‘নাসের জাহেদীর মতো ১০ জন ক্রীড়ামোদি থাকলে আমরা বিশ্বকাপের কাছাকাছি থাকতাম। বাংলাদেশ এশিয়ার সেরা দল হবে।’
বাফুফে সভাপতি তাবিথ আউয়াল জানান, গ্রাসরুট ফুটবল উন্নয়নে আর্জেন্টিনা থেকে কোচ আনা এবং ভালো খেলোয়াড়দের সেখানে পাঠানোর পরিকল্পনা আছে।
আর্জেন্টিনার রাষ্ট্রদূত মার্সেলো চার্লোস বলেন, এখান থেকেই উঠে আসবে বাংলাদেশের আগামী দিনের ফুটবল তারকারা।