দেশে হামের প্রকোপ আশঙ্কাজনক হারে বাড়ছে। সবশেষ ২৪ ঘণ্টায় হাম ও এর জটিল উপসর্গে আরও ১৩ শিশুর মৃত্যু হয়েছে।
শনিবার (২৩ মে) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার জানায়, শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শিশুগুলো মারা যায়।
এ সময় নতুন করে ২ হাজার ১৩২ শিশুর শরীরে হামের উপসর্গ দেখা দিয়েছে, যা চলতি বছরে একদিনে সর্বোচ্চ। আক্রান্তদের বেশিরভাগই স্থানীয় হাসপাতালে ভর্তি।
সরকারি হিসাব অনুযায়ী, চলতি বছরের ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম ও উপসর্গে মৃত্যু ৫০০ ছাড়িয়েছে। হঠাৎ সংক্রমণ ও মৃত্যু বেড়ে যাওয়ায় উদ্বেগ জানিয়েছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, ঝুঁকিপূর্ণ এলাকায় বিশেষ টিকাদান জোরদার করা হচ্ছে। জ্বর, লালচে দানা বা কাশির মতো উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে অভিভাবকদের অনুরোধ করা হয়েছে।