হলিউডের নতুন থ্রিলার ‘রিসেট’-এ জুটি বাঁধছেন প্রিয়াঙ্কা চোপড়া জোনাস ও ‘পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান’ তারকা অরল্যান্ডো ব্লুম।
ম্যাট স্মাকলার পরিচালিত সিনেমাটির শুটিং শুরু হবে আগামী অগাস্টে। জর্ডান রলিন্সের গল্পে নির্মিত ‘রিসেট’ প্রযোজনা করছেন প্রিয়াঙ্কা, অরল্যান্ডো, জন ও এরিখ হোয়েবারের ফ্র্যাটরিসাইডাল ফিল্মস, রোডস এন্টারটেইনমেন্ট, পার্পল পিবল পিকচার্সসহ কয়েকটি প্রতিষ্ঠান।
গল্পে স্মৃতি হারানো এক নারী চরিত্রে থাকছেন প্রিয়াঙ্কা, যিনি নির্জন পরিবেশে নিজেকে আবিষ্কার করে রহস্যময় এক পুরুষ অরল্যান্ডোর ওপর নির্ভর করতে বাধ্য হন। নির্মাতা স্মাকলার বলেন, ‘আকর্ষণ আর অবিশ্বাস—দুটোই ফুটিয়ে তুলতে পারবেন প্রিয়াঙ্কা ও অরল্যান্ডো।’
প্রযোজক জন ও এরিখ হোয়েবার জানান, ‘টিকে থাকার লড়াই, প্রেম, সাসপেন্স ও প্রতারণার রোমাঞ্চকর গল্প এটি। চমকপ্রদ বাঁক আছে।’
প্রিয়াঙ্কা নিজেই সোশাল মিডিয়ায় সিনেমার ঘোষণা দিয়েছেন। আলিয়া ভাট, দিয়া মির্জাসহ অনেকেই শুভেচ্ছা জানিয়েছেন।
প্রিয়াঙ্কাকে সবশেষ দেখা গেছে ‘দ্য ব্লাফ’ সিনেমায়। সামনে আসছে এসএস রাজামৌলির ‘বারাণসী’, মুক্তি পাবে ২০২৭ সালের ৭ এপ্রিল।