বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) পূর্ণকালীন সদস্য হিসেবে নিয়োগ পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের জাপানিজ স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. আব্দুল্লাহ-আল-মামুন।

শনিবার (২৩ মে) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন আদেশ, ১৯৭৩ এর সংশোধিত আইন, ১৯৯৮ এর ২ (বি) ধারা অনুযায়ী তাকে চার বছরের জন্য নিয়োগ দেওয়া হয়েছে। তবে সরকার চাইলে মেয়াদ শেষের আগেই অব্যাহতি দিতে পারবে।

তিনি আগের পদে সর্বশেষ আহরিত বেতনভাতা পাবেন এবং কমিশনের সদস্য হিসেবে প্রচলিত বিধি অনুযায়ী অন্যান্য সুবিধা পাবেন। যোগদানের তারিখ থেকে এ নিয়োগ কার্যকর হবে।