স্বীকৃত ক্রিকেটে ফিরছেন সাকিব আল হাসান। সরাসরি চুক্তিতে তাকে দলে নিয়েছে লঙ্কা প্রিমিয়ার লিগের (এলপিএল) সবচেয়ে সফল দল জাফনা কিংস। একই দলে যোগ দিয়েছেন পেসার তাসকিন আহমেদও।

এলপিএল সামাজিক যোগাযোগমাধ্যমে সাকিবের যোগদানের খবর দিয়ে লিখেছে, ‘বিশ্বখ্যাত টি-টোয়েন্টি তারকা কিংসে যোগ দিলেন। যখন দলের স্থিতিশীলতা দরকার, তখন রান। যখন ব্রেকথ্রু দরকার, তখন উইকেট। চাপের মুখে অবিচল। টি-টোয়েন্টির সেরা অলরাউন্ডারদের একজনকে নিয়ে জাফনা আরও শক্তিশালী হলো।’

তাসকিনকে নিয়ে এলপিএল জানায়, ‘জাফনার পেস আক্রমণে যুক্ত হলো গতিময় অগ্নিশক্তি। সহজাত গতি, আগ্রাসন ও বড় ম্যাচের তেজ নিয়ে কিংসে যোগ দিলেন বাংলাদেশের তাসকিন।’

পাঁচ দলের এলপিএল শুরু হবে ১৭ জুলাই, শেষ হবে ৮ আগস্ট। পাঁচ আসরের চারবারই শিরোপা জিতেছে জাফনা।

সাকিব এর আগে ২০২৩ সালে গল টাইটান্সের হয়ে একবার এলপিএল খেলেছেন। তাসকিনের অভিষেক হয় গত বছর, কলম্বো স্ট্রাইকার্সের হয়ে।