কুষ্টিয়ার খোকসায় যাত্রীবাহী বাস ও ডাম্পট্রাকের মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন অন্তত ২৫ জন।

নিহতদের মধ্যে ঘটনাস্থলেই মারা যাওয়া যুবকের নাম নাবিল হোসেন (২৮)। তিনি খোকসার কমলাপুরের জুনাইয়েদ হোসেনের ছেলে। নিহত অন্য একজন নারী ও একজন পুরুষের পরিচয় এখনও পাওয়া যায়নি। আহতরা উপজেলা ও কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

স্থানীয়রা জানান, শনিবার (২৩ মে) বেলা সাড়ে ১১টার দিকে কুষ্টিয়া-রাজবাড়ী মহাসড়কের খোকসা উপজেলার শিমুলিয়া কুঠিপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। যাত্রীবাহী বাসটি কুষ্টিয়ার দিকে যাচ্ছিল, আর বালুভর্তি ডাম্পট্রাক রাজবাড়ির দিকে যাচ্ছিল। ঘটনাস্থলে নিয়ন্ত্রণ হারিয়ে দ্রুতগামী ডাম্পট্রাক সামনে থেকে বাসটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই ২ জন মারা যান। হাসপাতালে নেওয়ার পথে আরও এক নারীর মৃত্যু হয়।

খোকসা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আরিফুল হক বলেন, ‘বেলা ১২টার দিকে ২০ জন হাসপাতালে আসে। এর মধ্যে প্রাথমিক চিকিৎসা দিয়ে গুরুতর ১১ জনকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়। এদের মধ্যে ৩ জনের অবস্থা গুরুতর। দুইজনকে মৃত অবস্থায় পাওয়া যায়। তাদের মরদেহ মর্গে রাখা হয়েছে।’

কুষ্টিয়া হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) রাসেল বলেন, ‘এখন পর্যন্ত তিনজনের মৃত্যু হয়েছে। ঘটনাস্থলে ডাম্পট্রাক ও যাত্রীবাহী বাসকে একপাশে সরিয়ে সড়কে চলাচল কিছুটা স্বাভাবিক করা হয়েছে। নিহতদের পরিচয় শনাক্ত ও দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছে পুলিশ।’