সম্প্রতি বাংলাদেশে শিশুদের ওপর সংগঠিত বর্বরতায় গভীর উদ্বেগ জানিয়েছে জাতিসংঘ শিশু তহবিল-ইউনিসেফ। সংস্থাটি বলেছে, এ ধরনের নির্মমতা দেখে তারা গভীরভাবে ‘মর্মাহত ও স্তম্ভিত’। একইসঙ্গে শিশুর প্রতি সহিংসতা বন্ধে অপরাধীদের পার পেয়ে যাওয়ার সংস্কৃতি বন্ধের আহ্বান জানিয়েছে ইউনিসেফ।

বাংলাদেশে ইউনিসেফের প্রতিনিধি রানা ফ্লাওয়ার্স এক বিবৃতিতে এসব কথা বলেন। শুক্রবার ইউনিসেফের ওয়েবসাইটে প্রকাশিত ওই বিবৃতিতে বলা হয়, চলতি বছর বাংলাদেশে নারী ও শিশুদের ওপর নির্মম ও যৌন সহিংসতার খবর যেভাবে বাড়ছে, তাতে দেশব্যাপী শিশু ও জেন্ডারভিত্তিক সহিংসতা (জিবিভি) প্রতিরোধব্যবস্থা জোরদার করা জরুরি।

প্রতিরোধ, অভিযোগ দায়ের, প্রাতিষ্ঠানিক সুরক্ষা, শিশুবান্ধব পুলিশ ও বিচারব্যবস্থা এবং সামাজিক সেবার ঘাটতিগুলো দ্রুত দূর করার তাগিদ দিয়েছে সংস্থাটি।

বিবৃতিতে শিশু, নারী, পরিবার ও সমাজের যেকোনো সহিংসতা বা নির্যাতনের বিরুদ্ধে সবাইকে মুখ খোলার আহ্বান জানানো হয়। ইউনিসেফ বলছে, সমাজে নীরবতা বজায় থাকলে সহিংসতা আরও ছড়িয়ে পড়ে।

এ ধরনের পরিস্থিতিতে তাৎক্ষণিক সহায়তা ও প্রয়োজনীয় সেবা পেতে চাইল্ড হেল্পলাইন ১০৯৮-এ যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।

একইসঙ্গে নির্যাতনের শিকার নারী ও শিশুদের মর্যাদার প্রতি সম্মান জানিয়ে তাদের ছবি ও ভিডিও শেয়ার না করার আহ্বান জানিয়েছে ইউনিসেফ। বিবৃতিতে বলা হয়, নির্যাতনের শিকার নারী ও শিশুদের ছবি, ভিডিও বা ব্যক্তিগত তথ্য সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করা এক ধরনের নতুন নির্যাতন। যারা এগুলো শেয়ার করেন, তারা ভুক্তভোগী ও তাদের পরিবারের মানসিক কষ্ট আরও বাড়িয়ে দেন এবং ভুক্তভোগীদের প্রতি চরম অসম্মান প্রদর্শন করেন।