পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ঘরমুখো যাত্রীদের চাপ সামলাতে রোববার (২৪ মে) থেকে ১০ জোড়া ঈদ স্পেশাল ট্রেন চালু করছে বাংলাদেশ রেলওয়ে। এর আগে গত ১৩ মে থেকে টানা পাঁচ দিন ঈদযাত্রার নিয়মিত ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি করেছে রেল কর্তৃপক্ষ।
রেলওয়ের সময়সূচি অনুযায়ী, চট্টগ্রাম-চাঁদপুর-চট্টগ্রাম রুটে চলবে ‘চাঁদপুর ঈদ স্পেশাল-১ ও ২’। ঈদের আগে ২৫ থেকে ২৭ মে এবং ঈদের পরে ৩০ মে থেকে ১ জুন পর্যন্ত চলবে ট্রেন দুটি। চাঁদপুর ঈদ স্পেশাল-১ চট্টগ্রাম থেকে বিকেল সাড়ে ৩টায় ছেড়ে চাঁদপুর পৌঁছাবে রাত ৮টা ২০ মিনিটে। আর চাঁদপুর ঈদ স্পেশাল-২ চাঁদপুর থেকে ভোর ৪টায় ছেড়ে চট্টগ্রাম পৌঁছাবে সকাল ৮টা ৫০ মিনিটে।
উত্তরাঞ্চলের যাত্রীদের জন্য জয়দেবপুর-পার্বতীপুর-জয়দেবপুর রুটে চলবে ‘পার্বতীপুর ঈদ স্পেশাল-৯ ও ১০’। ঈদের আগে ২৪ থেকে ২৬ মে এবং ঈদের পরে ৩০ মে থেকে ১ জুন পর্যন্ত ট্রেন দুটি চলবে। ঈদের আগে স্পেশাল-৯ জয়দেবপুর থেকে সন্ধ্যা ৭টায় ছেড়ে পার্বতীপুর পৌঁছাবে রাত আড়াইটায়। স্পেশাল-১০ পার্বতীপুর থেকে সকাল ৮টা ১৫ মিনিটে ছেড়ে জয়দেবপুর পৌঁছাবে দুপুর ২টা ২০ মিনিটে। ঈদের পর স্পেশাল-৯ জয়দেবপুর থেকে সকাল ৮টা ১৫ মিনিটে ছেড়ে পার্বতীপুর পৌঁছাবে দুপুর ২টা ৫০ মিনিটে। আর স্পেশাল-১০ পার্বতীপুর থেকে রাত ১০টা ২০ মিনিটে ছেড়ে জয়দেবপুর পৌঁছাবে ভোর ৫টা ৪৫ মিনিটে।
ঢাকা-দেওয়ানগঞ্জ-ঢাকা রুটে যাত্রীদের জন্য থাকছে ‘তিস্তা ঈদ স্পেশাল-৩ ও ৪’। ঈদের আগে ২৫ থেকে ২৭ মে এবং ঈদের পরে ৩০ মে থেকে ১ জুন পর্যন্ত চলবে এ দুটি ট্রেন। তিস্তা ঈদ স্পেশাল-৩ ঢাকা থেকে সকাল সাড়ে ৯টায় ছেড়ে দেওয়ানগঞ্জ পৌঁছাবে বিকেল ৪টা ১০ মিনিটে। আর তিস্তা ঈদ স্পেশাল-৪ দেওয়ানগঞ্জ থেকে বিকেল সাড়ে ৪টায় ছেড়ে ঢাকা পৌঁছাবে রাত ১০টা ২০ মিনিটে।
এছাড়া কিশোরগঞ্জের শোলাকিয়া ঈদগাহে নামাজে অংশ নেওয়া মুসল্লিদের জন্য ঈদের দিন চলবে চার জোড়া বিশেষ ট্রেন। এর মধ্যে ‘শোলাকিয়া ঈদ স্পেশাল-৫ ও ৬’ চলবে ভৈরববাজার-কিশোরগঞ্জ-ভৈরববাজার রুটে। স্পেশাল-৫ ভৈরববাজার থেকে ভোর ৬টায় ছেড়ে কিশোরগঞ্জ পৌঁছাবে সকাল ৮টায়। স্পেশাল-৬ কিশোরগঞ্জ থেকে বেলা ১২টায় ছেড়ে ভৈরববাজার পৌঁছাবে দুপুর ২টায়।
অন্যদিকে ‘শোলাকিয়া ঈদ স্পেশাল-৭ ও ৮’ চলবে ময়মনসিংহ-কিশোরগঞ্জ-ময়মনসিংহ রুটে। স্পেশাল-৭ ময়মনসিংহ থেকে ভোর ৫টা ৪৫ মিনিটে ছেড়ে কিশোরগঞ্জ পৌঁছাবে সকাল সাড়ে ৮টায়। নামাজ শেষে স্পেশাল-৮ কিশোরগঞ্জ থেকে বেলা ১২টায় ছেড়ে ময়মনসিংহ পৌঁছাবে দুপুর ৩টায়।
রেল কর্তৃপক্ষ জানিয়েছে, ঈদ স্পেশাল ট্রেনগুলোর সব টিকিট শতভাগ অনলাইনের মাধ্যমে অগ্রিম বিক্রি করা হয়েছে।