চীনের উত্তরাঞ্চলীয় শানসি প্রদেশের একটি কয়লা খনিতে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে অন্তত ৮ শ্রমিক নিহত হয়েছেন। এখনও মাটির নিচে আটকা আছেন ৩৮ জন। নিখোঁজদের উদ্ধারে তল্লাশি চালাচ্ছেন উদ্ধারকর্মীরা।

রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সিনহুয়া জানিয়েছে, শুক্রবার (২২ মে) সন্ধ্যা সাড়ে ৭টায় চাংঝি শহরের লিউশেনিউ কয়লা খনিতে বিস্ফোরণ ঘটে। সে সময় খনির ভেতরে কাজ করছিলেন ২৪৭ জন শ্রমিক।

দুর্ঘটনার পরপরই উদ্ধার কাজ শুরু করে স্থানীয় প্রশাসন। শনিবার (২৩ মে) সকাল ৬টার মধ্যে প্রায় ২০০ শ্রমিককে নিরাপদে বের করে আনা হয়েছে। বাকি ৩৮ জনকে জীবিত উদ্ধারে সর্বোচ্চ চেষ্টা চলছে।

দুর্ঘটনায় গভীর উদ্বেগ জানিয়েছেন প্রেসিডেন্ট শি জিনপিং। নিখোঁজদের উদ্ধারে সর্বাত্মক প্রচেষ্টার নির্দেশ দিয়েছেন তিনি। একইসঙ্গে ঘটনার কারণ অনুসন্ধান ও দায়ীদের জবাবদিহির আওতায় আনার আহ্বান জানান। তদন্তে ইতোমধ্যে কমিটি গঠন করা হয়েছে।

শানসি চীনের প্রধান কয়লা উৎপাদনকারী অঞ্চল। গ্রীসের চেয়েও বড় এ প্রদেশে প্রায় ৩ কোটি ৪০ লাখ মানুষের বাস। গত বছর এখান থেকে ১.৩ বিলিয়ন টন কয়লা উত্তোলন হয়েছে, যা চীনের মোট উৎপাদনের প্রায় এক-তৃতীয়াংশ।

তবে প্রদেশটির খনি শিল্পের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে দীর্ঘদিনের অভিযোগ আছে। মানবাধিকার সংস্থা ও শ্রমিক সংগঠনগুলো বলছে, সাম্প্রতিক বছরগুলোতে এখানে হাজার হাজার ছোট-বড় দুর্ঘটনা ঘটেছে। বিশেষজ্ঞদের মতে, লাভ বাড়ানোর প্রতিযোগিতায় নিরাপত্তা বিধি উপেক্ষাই এসব প্রাণঘাতী দুর্ঘটনার মূল কারণ।