ঝিনাইদহে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক নাসীরুদ্দীন পাটওয়ারীসহ কেন্দ্রীয় নেতাদের ওপর হামলা, মারধর ও ছিনতাইয়ের অভিযোগে মামলা হয়েছে। ছাত্রদলের ৮ নেতার নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ১১০-১১৫ জনকে আসামি করা হয়েছে।

শুক্রবার (২২ মে) রাতে ঝিনাইদহ সদর থানায় মামলাটি করেন এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্যসচিব তারেকুল ইসলাম তারেক রেজা।

এজাহারে অভিযুক্ত ৮ জন হলেন—ইসলামী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহ্বায়ক শাহেদ আহম্মেদ, জেলা ছাত্রদলের সভাপতি ইমরান হোসেন, সাবেক সভাপতি এসএম সমিনুজ্জামান সমিন, সাধারণ সম্পাদক শাহরিয়ার রাসেল, সাবেক সহসভাপতি নয়ন হাওলাদার, পৌর ছাত্রদলের সভাপতি মোবারেক হোসেন ইমন, সাবেক যুগ্ম সম্পাদক হাদুসহ ৮ জন।

মামলায় বলা হয়, শুক্রবার জুমার নামাজ শেষে ঝিনাইদহ শহরের পুরাতন ডিসি কোর্ট জামে মসজিদ থেকে বের হওয়ার সময় নাসীরুদ্দীন পাটওয়ারীসহ এনসিপির নেতাকর্মীদের ওপর অতর্কিত হামলা হয়।

হামলাকারীরা ঘুষি, ইট-পাটকেল, জিআই পাইপ, বেসবল ব্যাট ও ধারালো অস্ত্র নিয়ে আঘাত করে বলে অভিযোগ। এতে নাসীরুদ্দীন পাটওয়ারী, তানাইম, আসিফ, আলামিন, হাসিবুর রহমান, নাহিয়ান খান নিয়াজ ও অয়ন রহমান খানসহ কয়েকজন আহত হন।

হামলার সময় একটি সনি আলফা এ৬৪০০ ডিএসএলআর ক্যামেরা, ট্যামরন লেন্স, মেমোরি কার্ড, কয়েকটি মোবাইল ফোন ও নগদ টাকা ছিনতাইয়ের অভিযোগ আনা হয়েছে। ছিনতাই হওয়া ক্যামেরা সেটের মূল্য প্রায় ১ লাখ ৯০ হাজার টাকা বলে দাবি করা হয়।

এজাহারে আরও উল্লেখ করা হয়, স্থানীয় এনসিপি নেতাকর্মী ও সাধারণ মানুষ এগিয়ে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। যাওয়ার সময় হামলাকারীরা এনসিপির নেতাকর্মীদের হত্যার হুমকি দেয়।

ঝিনাইদহ সদর থানার ওসি জানান, লিখিত অভিযোগ গ্রহণ করা হয়েছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।