যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা পরিচালক (ডিএনআই) তুলসী গ্যাবার্ড পদত্যাগ করছেন।

স্থানীয় সময় শুক্রবার (২২ মে) তিনি এ ঘোষণা দেন।

স্বামীর বিরল বোন ক্যানসার ধরা পড়ায় আগামী ৩০ জুন, ২০২৬ থেকে দায়িত্ব ছাড়বেন বলে জানিয়েছেন তুলসী। খবর সিএনএনের।

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে লেখা চিঠিতে তুলসী গ্যাবার্ড লেখেন, “দুঃখজনকভাবে আমাকে পদত্যাগপত্র জমা দিতে হচ্ছে। ৩০ জুন, ২০২৬ থেকে এটি কার্যকর হবে।”

তিনি জানান, তার স্বামী আব্রাহামের অতি বিরল ধরনের বোন ক্যানসার ধরা পড়েছে। “আগামী সপ্তাহ ও মাসগুলোতে সে বড় চ্যালেঞ্জের মুখোমুখি হবে। এই সময়ে তার পাশে থাকতে এবং পূর্ণ সমর্থন দিতে আমাকে সরকারি দায়িত্ব থেকে সরে দাঁড়াতে হবে,” লিখেছেন তুলসী।

তবে হোয়াইট হাউসের একটি সূত্র সিএনএনকে বলেছে, তুলসীকে পদ ছাড়তে বাধ্য করা হয়েছে।

ট্রাম্প অবশ্য আগেই ইরান ইস্যুতে তুলসীর সঙ্গে মতের অমিলের ইঙ্গিত দিয়েছিলেন। গত মার্চে তিনি বলেছিলেন, ইরানের পারমাণবিক অস্ত্র তৈরির আকাঙ্ক্ষা নস্যাৎ করার প্রশ্নে তুলসী তার তুলনায় ‘নমনীয়’।

উল্লেখ্য, ২০০১ সালের ১১ সেপ্টেম্বরের টুইন টাওয়ার হামলার পর মার্কিন কংগ্রেস জাতীয় গোয়েন্দা পরিচালকের পদটি তৈরি করে। এটি মার্কিন সরকারের অন্যতম গুরুত্বপূর্ণ জাতীয় নিরাপত্তাপ্রধানের পদ।

ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হওয়ার পর গত বছর জানুয়ারিতে ডেমোক্রেটিক পার্টির সাবেক কংগ্রেস সদস্য তুলসী গ্যাবার্ডকে এ পদে মনোনীত করেছিলেন।