ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন অবকাশে শনিবার (২৩ মে) থেকে দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে টানা ছুটি শুরু হচ্ছে।
শুক্রবার (২২ মে) রাতে জরুরি সংবাদ বিজ্ঞপ্তিতে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এ তথ্য জানায়।
বিজ্ঞপ্তি অনুযায়ী, ২৩ মে থেকে ৬ জুন পর্যন্ত ১৫ দিন স্কুল বন্ধ থাকবে। ৭ জুন রোববার থেকে আবারও শ্রেণি কার্যক্রম চলবে।
এর আগে রমজানে বন্ধ থাকায় পাঠদানের ঘাটতি পূরণে সরকার ১০টি শনিবারের সাপ্তাহিক ছুটি বাতিল করেছিল। সেই সিদ্ধান্তে ২৩ মে শনিবার স্কুল খোলা থাকার কথা ছিল। অন্যদিকে শিক্ষাপঞ্জিতে ২৪ মে থেকে ছুটি শুরু হওয়ার কথা থাকায় শিক্ষক, কর্মকর্তা ও অভিভাবকদের মধ্যে বিভ্রান্তি তৈরি হয়।
দিনভর স্পষ্ট নির্দেশনা না পাওয়ায় জেলা-উপজেলা শিক্ষা কর্মকর্তারাও নিশ্চিত কিছু বলতে পারেননি। আবার মিড-ডে মিলের এক নির্দেশনায় ২২ মে থেকেই খাবার বিতরণ বন্ধ রাখতে বলা হয়, যা স্কুল বন্ধের ইঙ্গিত দিচ্ছিল।
শুক্রবার রাতে মন্ত্রণালয়ের ঘোষণায় সব জটিলতার অবসান হলো। শুক্র-শনিবারের সাপ্তাহিক ছুটি মিলিয়ে বৃহস্পতিবার (২১ মে) ছিল ঈদের আগে খুদে শিক্ষার্থীদের শেষ ক্লাস।