পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশের ১৩ সিটি করপোরেশনের পরিচ্ছন্নতাকর্মীদের জন্য ‘ঈদ উপহার’ দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

শুক্রবার (২২ মে) সন্ধ্যায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সিটি করপোরেশনের মেয়র ও প্রশাসকদের কাছে চেক হস্তান্তর করেন তিনি।

এ সময় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত, ঢাকা দক্ষিণ সিটির প্রশাসক আব্দুস সালাম, উত্তর সিটির প্রশাসক শফিকুল ইসলাম খান মিল্টন, চট্টগ্রাম সিটির মেয়র ডা. শাহাদাত হোসেন, খুলনার প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু, গাজীপুরের শওকত হোসেন সরকার, নারায়ণগঞ্জের অ্যাডভোকেট মো. সাখাওয়াত হোসেন খান, সিলেটের আব্দুল কাইয়ুম চৌধুরী, বরিশালের বিলকিস জাহান শিরীনসহ ১৩ সিটির প্রশাসক উপস্থিত ছিলেন।

অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, এর আগে বিকেলে বাসায় আসর নামাজ পড়ে পায়ে হেঁটে গুলশানের দলীয় কার্যালয়ে যান তারেক রহমান।

তিনি বলেন, ‘ছুটির দিনে দলের কার্যালয়ে এসেছেন একটি অনুষ্ঠানে যোগ দিতে। সারা দেশের সিটি করপোরেশনের প্রশাসক-মেয়রের কাছে ঈদ বোনাস হস্তান্তর করেছেন।’

এর আগে ঈদুল ফিতরে সিটি করপোরেশনের পরিচ্ছন্নতাকর্মীদের ৫ হাজার টাকা করে ঈদ উপহার দিয়েছিলেন তারেক রহমান।