আকস্মিক পরিদর্শনে কর্মস্থলে না থাকা ও দেরিতে আসার দায়ে বিআইডব্লিউটিএ ও বিআইডব্লিউটিসির ১৬ কর্মকর্তা-কর্মচারীকে তাৎক্ষণিক স্ট্যান্ড রিলিজ ও বদলি করা হয়েছে।
নৌপরিবহন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. রাজিব আহসানের বরিশাল ও ঢাকার বিভিন্ন দপ্তরে ঝটিকা পরিদর্শনের পর এই ব্যবস্থা নেওয়া হয়।
শুক্রবার (২২ মে) মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা কাজী আরিফ বিল্লাহর সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।
বিজ্ঞপ্তি অনুযায়ী, বিআইডব্লিউটিএর বরিশাল কার্যালয়ের ড্রেজিং বিভাগের ৯ জন, নৌ সংরক্ষণ ও পরিচালন বিভাগের ২ জন, বন্দর ও পরিবহন বিভাগের ১ জন এবং হিসাব বিভাগের ১ জনসহ মোট ১৩ জনকে তাৎক্ষণিক স্ট্যান্ড রিলিজ করা হয়েছে। একই অভিযানে বিআইডব্লিউটিসির আরও ৩ জনকে অন্যত্র বদলি করা হয়।
মন্ত্রণালয় জানায়, প্রতিমন্ত্রী বরিশাল ও ঢাকায় মন্ত্রণালয়ের আওতাধীন দপ্তরগুলোতে আকস্মিক পরিদর্শনে গিয়ে দেখেন, বেশ কয়েকজন কর্মকর্তা-কর্মচারী পূর্বানুমতি ছাড়াই অনুপস্থিত। অনেকে এসেছেন নির্ধারিত সময়ের অনেক পরে।
এমন দায়িত্বজ্ঞানহীনতায় ক্ষোভ প্রকাশ করে প্রতিমন্ত্রী তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।
নৌপরিবহন প্রতিমন্ত্রী সব কর্মকর্তা-কর্মচারীকে সময়মতো অফিসে এসে দায়িত্ব পালনের নির্দেশ দিয়েছেন। তিনি জানান, দপ্তরে শৃঙ্খলা, জবাবদিহি ও নাগরিক সেবার মান নিশ্চিত করতে এ ধরনের ঝটিকা পরিদর্শন চলবে।