ইসলামিক ফাউন্ডেশনের নতুন মহাপরিচালক (ডিজি) হয়েছেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের পেশ ইমাম মুহাম্মাদ মুহিববুল্লাহিল বাকী।
বৃহস্পতিবার (২১ মে) রাতে জনপ্রশাসন মন্ত্রণালয় তাকে এক বছরের চুক্তিতে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে। তিনি গ্রেড-১ এ বেতন-ভাতা পাবেন।
মুহিববুল্লাহিল বাকী বর্তমান ডিজি আব্দুস ছালাম খানের স্থলাভিষিক্ত হবেন। প্রজ্ঞাপনে বলা হয়, অন্য যেকোনো পেশা বা প্রতিষ্ঠানের সঙ্গে সম্পর্ক ছাড়ার শর্তে তাকে নিয়োগ দেওয়া হয়েছে। যোগদানের দিন থেকেই এ নিয়োগ কার্যকর হবে।
চট্টগ্রামের হাটহাজারী মাদরাসা থেকে দাওরায়ে হাদিস, ভারতের লখনৌর নদওয়াতুল উলামা থেকে উচ্চশিক্ষা এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগ থেকে স্নাতকোত্তর করেছেন বাকী। কওমি, আলিয়া ও বিশ্ববিদ্যালয়— তিন ধারাতেই তিনি প্রথম শ্রেণি পেয়েছেন।
কর্মজীবনে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামসহ বিভিন্ন প্রতিষ্ঠানে শিক্ষকতা করেছেন। জামেয়া দারুল মা‘আরিফ, দারুল উলুম মাদরাসাসহ একাধিক প্রতিষ্ঠানে পাঠদান করেছেন। বায়তুল মোকাররম ছাড়াও চট্টগ্রামের আন্দরকিল্লা শাহী জামে মসজিদে ইমামতি করেছেন। দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ মসজিদে খতিব হিসেবেও দায়িত্ব পালন করেছেন তিনি।
সবশেষ সেন্ট্রাল শরীয়াহ কাউন্সিল ফর ইসলামী ব্যাংকস অব বাংলাদেশ-এর মহাসচিব ছিলেন। মিশর ও ভারতে আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় বিচারকের দায়িত্বও পালন করেছেন বাকী।