ইরান যুদ্ধ পরিস্থিতি সামাল দেওয়ায় বড় ছেলে ডোনাল্ড ট্রাম্প জুনিয়রের বিয়েতে উপস্থিত থাকতে পারবেন কি না তা নিয়ে সংশয়ে আছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বর্তমান সময়কে তিনি ‘ভালো সময় নয়’ বলে উল্লেখ করেছেন।

বৃহস্পতিবার (২১ মে) হোয়াইট হাউজে সাংবাদিকদের ট্রাম্প বলেন, চেষ্টা করবেন বিয়েতে যেতে, তবে এখনও নিশ্চিত নন।

এক ভিডিও সাক্ষাৎকারে তিনি বলেন, “ডোনাল্ড ট্রাম্প জুনিয়র চায় আমি বিয়েতে থাকি। একদম ঘরোয়া অনুষ্ঠান হবে। আমি যাওয়ার চেষ্টা করব।”

তবে রাজনৈতিক পরিস্থিতির কথা তুলে তিনি বলেন, “ওকে বলেছি—এই সময়টা আমার জন্য মোটেও ভালো নয়। সামনে ‘ইরান’ নামের বড় সংকট আর অন্যান্য জরুরি বিষয় আছে।”

মার্কিন সংবাদমাধ্যম জানায়, ৪৮ বছর বয়সী ডোনাল্ড ট্রাম্প জুনিয়র এই সপ্তাহান্তে বাহামাসে বেটিনা অ্যান্ডারসনকে বিয়ে করছেন। এটি তার দ্বিতীয় বিয়ে।

সংকটের সময় পারিবারিক অনুষ্ঠানে গেলে জনমনে কী প্রতিক্রিয়া হবে তা নিয়েও উদ্বেগ জানান ট্রাম্প। তিনি বলেন, “এই পরিস্থিতিতে আমার জেতার উপায় নেই। বিয়েতে গেলেও সংবাদমাধ্যম সমালোচনা করবে, না গেলেও ‘ফেইক নিউজ’ আমাকে ছাড়বে না।”

বর্তমানে যুক্তরাষ্ট্র-ইরান তীব্র সংঘাতে জড়িয়েছে। ট্রাম্প প্রশাসন যুদ্ধবিরতি বা চুক্তির চেষ্টা করছে। সামনে মধ্যবর্তী নির্বাচন থাকায় এই সংঘাত ও ট্রাম্পের প্রতিটি পদক্ষেপ দেশের রাজনীতিতে গুরুত্ব পাচ্ছে।

সব অনিশ্চয়তার মাঝেও ছেলের জন্য শুভকামনা জানিয়ে ট্রাম্প বলেন, “আশা করি তাদের দাম্পত্য জীবন চমৎকার হবে।”