বগুড়া পুলিশ লাইন্স থেকে জেলা পুলিশের বেতার শাখার এএসআই মো. আরিফুল ইসলামের (৩৮) ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (২২ মে) সকাল ১০টার দিকে পুলিশ লাইন্সের ভেতর থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ।

পুলিশের ধারণা, বৃহস্পতিবার দিবাগত রাত দেড়টা থেকে শুক্রবার সকাল ৮টার মধ্যে গলায় রশি দিয়ে আত্মহত্যা করেন তিনি।

নিহত আরিফুল নাটোরের নলডাঙ্গা উপজেলার পদ্মবিল ঘড়িয়া এলাকার মো. আশরাফের ছেলে। তিনি স্ত্রী রোমা বেগম ও দুই সন্তান রেখে গেছেন। তার বিপি নম্বর ৮৮০৭১২৭৪৮৫।

পুলিশ জানায়, বৃহস্পতিবার রাতে বেতার শাখায় কর্মরত অবস্থায় এএসআই আরিফুল গলায় রশি দেন। সকালে বিষয়টি জানাজানির পর পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। পরে মরদেহ নামানো হয়।

অতিরিক্ত পুলিশ সুপার মো. আতোয়ার রহমান বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হচ্ছে। এটি আত্মহত্যা নাকি অন্য কোনো কারণ আছে, তদন্ত করে দেখা হচ্ছে।